Advertisement
তারকাদের বিতর্কিত চুম্বনচর্যা! পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভাঙেন শাহরুখ-ধর্মেন্দ্ররা, তালিকায় টলি-নায়কও
কেউ নায়িকাদের সঙ্গে 'লিপলক'-এর খেসারত দিয়েছেন তো কেউ বা আবার জনসমক্ষে পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছেন। চুম্বন দিবসে রইল সেলেব পাড়ার 'বিতর্কিত চুম্বনচর্যা'।
চুম্বন দিবস। ভালোবাসার সপ্তাহে ঠোঁটে ঠোঁট রেখে আদরের আবদার করার দিন। আর 'Kiss Day' মানেই সোশাল মিডিয়ায় 'আনসেন্সর্ড' সব চুম্বন সিকোয়েন্সের মিম-পোস্টের রমরমা। তবে জানেন কি? শুধু সিনেমা নয়, রিল লাইফের মতো রিয়েল লাইফেও এমন কিছু 'আনস্ক্রিপ্টেড চুম্বন মুহূর্ত' তারকাদের জীবনে রয়েছে, যা চিরকাল বিতর্কের বোঝা বয়ে বেড়ায়। কেউ নায়িকাদের সঙ্গে 'লিপলক'-এর খেসারত দিয়েছেন তো কেউ বা আবার জনসমক্ষে পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছেন। চুম্বন দিবসে রইল সেলেব পাড়ার 'বিতর্কিত চুম্বনচর্যা'।
শাহিদ-করিনা তখন চুটিয়ে প্রেম করছেন। আচমকাই দু'জনের এক এমএমএস ভাইরাল হয়ে যায়। কোনও এক পত্রিকার তরফেই সেই কাণ্ড ঘটানো হয়েছিল। যেখানে আষ্টেপিষ্টে শাহিদ-করিনাকে ঠোঁট-জিভ এক করে চুমুতে ডুব দিতে দেখা যায়। আর সেই চুমুকাণ্ড নিয়ে বিতর্ক তৈরি হতেই ২০ কোটির মানহানি মামলা করেছিলেন বেবো।
তারকাদের বিতর্কিত চুম্বনচর্যার তালিকায় সম্ভবত শীর্ষে মহেশ ভাট এবং তাঁর কন্যা পূজা ভাটের 'লিপ লকে'র দৃশ্য। এক ম্যাগাজিনের কভারে 'বাপ-বেটি'র এহেন সমীকরণ দেখে ছিছিক্কার পড়ে যায় আসমুদ্রহিমাচলে। এরপর এমন গুঞ্জনও চাউড় হয়ে যায় যে, আলিয়া ভাট আদতে তাঁদের সন্তান!
সমাজে আধুনিকতার চাকচিক্য লেগেছে ঠিকই, কিন্তু এখনও সহজাত প্রবৃত্তি চুমু স্বাধীন হয়ে উঠতে পারেনি! একবার জনসমক্ষে হাঁটুর বয়সি হৃতিকের ঠোঁটে-চোয়ালে চুমু কেচ্ছায় জড়িয়েছিলেন রেখা।
তবে পুরুষের ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড ভেঙেছেন একাধিক নায়কও। সেই তালিকায় ধর্মেন্দ্র, শাহরুখ খানও রয়েছেন। এক অনুষ্ঠানে জনসমক্ষেই খ্যাতনামা আইনজীবী তথা রাজনীতিবিদ রাম জেঠমলানির ঠোঁটে ঠোঁট ডোবান ধর্মেন্দ্র। 'হি ম্যান'-এর সেই চুম্বন কাণ্ড নিয়ে বিতর্কের জল গড়ায় রাজনৈতিকমহলেও। এরপর তেইশ সালে 'রকি অউর রানি'তে শাবানা আজমির সঙ্গে তাঁর চুম্বনদৃশ্য ঝড় তোলে।
পর্দায় গোড়ার দিকে 'নো কিসিং পলিসি' মেনে চললেও পরে জিরো সিনেমায় অনুষ্কাকে চুম্বন করে উপোস ভাঙেন শাহরুখ খান! কিন্তু তার অনেক আগেই একটি শোয়ের অতিথি হিসেবে গিয়ে জন ব্যারোম্যানকে চুম্বন করে সমালোচিত হতে হয়েছিল বাদশাকে।
এক অনুষ্ঠানে বিপাশা বসু আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ঠোঁট ঠাসা চুম্বন ক্যামেরায় ধরা পড়ে। তার পর থেকে তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি।
একবার রাখি সাওয়ান্তের অনুমতি ছাড়াই এক শোয়ের ব্যাকস্টেজে মিকা সিং তাঁকে জাপটে ধরে খানিক বলপ্রোয়গ করেই চুম্বন করেছিলেন। যদিও সেই চুমু কেচ্ছা নিয়ে বিটাউনে কম তোলপাড় হয়নি। তবে মিকার অভিযোগ, রাখিই নাকি তাঁকে প্রথম চুমু খেয়েছিলেন!
এই কিসিং কন্ট্রোভার্সির তালিকায় শিল্পা শেট্টি আর হলিউড অভিনেতা রিচার্ড গেয়ারের নামও রয়েছে। ভারতে এডস সচেতনতার প্রচারে এসে বলিউডি লাস্যময়ীকে হাতের নাগালে পেয়ে নিজেকে সামলাতে পারেননি হলিউড তারকা। প্রকাশ্যেই মঞ্চে আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে শিল্পাকে চুমু খেয়েছিলেন। আর তাতেই বিতর্ক উসকে গিয়েছিল।
Published By: Sandipta BhanjaPosted: 07:55 PM Feb 13, 2026Updated: 07:55 PM Feb 13, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
