দেশজুড়ে চলা এলপিজি সংকটের মধ্যে কেন্দ্রীয় সরকার আগামী সোমবার, ২৩ মার্চ থেকে রাজ্যগুলির জন্য এলপিজি সরবরাহ ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব নীরজ মিত্তল শনিবার সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশে চিঠি লিখে জানিয়েছেন, ২৩ মার্চ থেকে রাজ্যগুলিকে ২০ শতাংশ বেশি এলপিজি সরবরাহ করা হবে। ২৩ মার্চ থেকে অতিরিক্ত সরবরাহ শুরু হলে ধীরে ধীরে এলপিজি সংকট কমবে বলেও চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বাণিজ্যিক এলপিজি-র ঘাটতির কারণে দেশের বিভিন্ন শহরে হোটেল, রেস্তরাঁ ও ধাবাগুলি সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে। তাই খাদ্য পরিষেবার সঙ্গে যুক্ত এই ক্ষেত্রগুলিকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট হোটেল ও খাবারের দোকানগুলির কাজ যাতে বন্ধ না হয়ে যায়, সে দিকেও নজর দিতে বলা হয়েছে। পরিযায়ী শ্রমিকদের সুবিধার জন্য পাঁচ কেজির ছোট সিলিন্ডারের সরবরাহ বাড়ানো হবে। বহু শ্রমিক বড় সিলিন্ডার ব্যবহার করতে পারেন না বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
কেন্দ্রের এই চিঠিতে আরও বলা হয়েছে, গ্যাসের ঘাটতি নিয়ে আতঙ্ক ছড়ানো বা কালোবাজারি ও মজুতদারি রোধ করতে রাজ্যগুলিকে নজরদারি বাড়াতে হবে। সরকার আশা করছে, ২৩ মার্চ থেকে অতিরিক্ত সরবরাহ শুরু হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার পরিস্থিতির জেরে বাণিজ্যিক এলপিজি-র সরবরাহ কমে যাওয়ায় দেশের বিভিন্ন শহরে হোটেল ও ছোট ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজ্যে গ্যাসের ঘাটতির অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতেই কেন্দ্রের এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
গ্যাসের সরবরাহ বাড়লে স্বাভাবিকভাবেই দোকান-হোটেল-সহ ছোট ব্যবসায়ীরা উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। যদিও অনেকের মতে, হাতে গ্যাস না পাওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।
