shono
Advertisement
Sikkim

ক্রমশ অবনতি হচ্ছে সিকিমের আবহাওয়া, উঁচু এলাকায় জারি হল তুষারধসের সতর্কতা

সতর্কবার্তা অনুযায়ী, গ্যাংটক এবং পাকিয়ং জেলার সাড়ে ৩ হাজার মিটারের উপরের অঞ্চলগুলিতে মাঝারি মাত্রার তুষারধসের ঝুঁকি রয়েছে। কারণ, স্যাটেলাইটে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে সেখানে বর্তমানে বরফের অবস্থা অস্থিতিশীল।
Published By: Kousik SinhaPosted: 09:51 PM Mar 21, 2026Updated: 09:51 PM Mar 21, 2026

আবহাওয়ার ক্রমশ অবনতি হচ্ছে সিকিমে। প্রবল বর্ষণের জেরে উঁচু এলাকায় বাড়ছে তুষারপাতের দাপট। ওই পরিস্থিতিতে গ্যাংটক ও পাকিয়ং-এর উঁচু এলাকায় তুষারধসের সতর্কতা জারি করল চণ্ডীগড়ের ডিফেন্স জিওইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেন্ট (ডিজিআরই)। শনিবার থেকে ২৪ ঘণ্টার মধ্যে তুষারধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে। পর্যটক এবং ট্রেকারদের অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া উঁচু এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে ডিজিআরই।

Advertisement

সতর্কবার্তা অনুযায়ী, গ্যাংটক এবং পাকিয়ং জেলার সাড়ে ৩ হাজার মিটারের উপরের অঞ্চলগুলিতে মাঝারি মাত্রার তুষারধসের ঝুঁকি রয়েছে। কারণ, স্যাটেলাইটে প্রাপ্ত ছবিতে দেখা যাচ্ছে সেখানে বর্তমানে বরফের অবস্থা অস্থিতিশীল। জানানো হয়েছে, পাহাড়ের খাড়া ও বরফে ঢাকা ঢালগুলি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। বাসিন্দা, পর্যটক এবং ট্রেকারদের উঁচু এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। কেউ গিয়ে থাকলে ওই ধরনের এলাকা দিয়ে যাতায়াতের সময় সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। ক্রমশ আবহাওয়ার পরিবর্তনের কারণে এই সতর্কতা জারি করে বলা হয়েছে, এই পরিস্থিতি বরফের স্তরকে আলগা করে তুষারধসের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। কর্মকর্তারা পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন। জনসাধারণকে সরকারি চ্যানেলের মাধ্যমে সর্বশেষ তথ্য জানতে ও সমস্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। 

উল্লেখ্য কয়েকদিন থেকে সিকিম পাহাড়ের পূর্ব এবং উত্তর প্রান্তে ভারী তুষারপাত চলছে। বরফে ঢাকা নৈসর্গিক দৃশ্য উপভোগের আশায় প্রচুর পর্যটক সেখানে ভিড় জমিয়েছেন। কিন্তু ভারী তুষারপাতের জন্য ইতিমধ্যে পূর্ব সিকিমের ছাঙ্গু উপত্যকা এবং নাথু-লা পাসে যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে। শনিবারও পর্যটকদের ভ্রমণের পাস ইস্যু করেনি সিকিম প্রশাসন। এরই মধ্যে চণ্ডীগড়ের ডিফেন্স জিওইনফরমেটিক্স রিসার্চ এস্টাবলিশমেণ্টের সতর্কতা পৌঁছাতে উদ্বেগ আরও বাড়লো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement