বিয়েবাড়ির আনন্দভোজ আচমকাই থমকে গেল। গোটা অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া। ভোজের পাতে রসগোল্লা গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল ৪১ বছরের এক যুবকের। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল ঝাড়খণ্ডের জামশেদপুর।
জানা গিয়েছে, মালিয়ান্তা গ্রামের ললিত সিং সোমবার সকালে বিয়েবাড়িতে এসেছিলেন জামশেদপুরের বেলাজুড়ি পঞ্চায়েত এলাকায়। কিন্তু বিয়ের ভোজে খেতে বসে আচমকাই ঘটে যায় চরম অঘটন। রসগোল্লা গলায় আটকে ছটফট করতে থাকেন তিনি। আশপাশে থাকা অন্য অতিথিরা আটকে যাওয়া মিষ্টি বের করতে আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কিছুতেই তা বের করা সম্ভব হয়নি। ক্রমশ অচেতন হয়ে পড়তে থাকেন ললিত। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর বাবা। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এমন মর্মান্তিক ঘটনায় বিয়েবাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র কয়েক মিনিটেই চোখের সামনে এভাবে ললিতের অসহায় মৃত্যু মানতে পারছেন না কেউই। উৎসবের আনন্দ পরিণত হয়েছে নিরানন্দে। চিকিৎসকরা জানিয়েছেন, রসগোল্লার টুকরো শ্বাসনালির মুখে আটকে যাওয়ায় শরীরে অক্সিজেন প্রবেশ করতে পারছিল না ললিতের। আর তাই দ্রুত অচেতন হয়ে যায় শরীর। ময়নাতদন্তেও সেটাই ধরা পড়েছে। ময়নাতদন্তের পর ললিতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
