এক ৮ বছরের বালিকাকে লোভ দেখিয়ে নির্জন গুদামঘরে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ দিল্লিতে। অভিযুক্তরা তিনজনই নাবালক। তাদের মধ্যে একজনের বয়স ১২। বাকি দু'জনের বয়স ১৩। এমনই এক ঘটনায় চাঞ্চল্য দিল্লির ওখলায়। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের আটক করেছে বলে জানা যাচ্ছে।
ঠিক কী হয়েছিল? পুলিশ জানিয়েছে, গত ১৪ মার্চ তাদের কাছে এক ফোন বুথ থেকে কেউ ফোন করে খবর দেয় গুদামঘরে এক বালিকার উপরে যৌন নির্যাতন হয়েছে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তদন্তকারীরা। বিষয়টির সংবেদনশীলতার দিকটি বিবেচনা করে এক মহিলা অফিসারও তাঁদের সঙ্গে যান। দ্রুত নাবালিকা কন্যাটিকে এইমসে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষার পরই ধরা পড়ে সত্যিই ধর্ষণের শিকার নির্যাতিতা।
পুলিশ তার বয়ান রেকর্ড করেছে। ওখলা ফেজ ২-এর বাসিন্দা ওই বালিকা দাবি করেছে, ওই তিন অভিযুক্ত পথের মাঝেই তার পথ আটকায়। পরে তাকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে যায় গুদামঘরে। সেখানে তার অন্তর্বাস খুলে তাকে ধর্ষণ করে তিনজনই। এমন বয়ান শোনার পরই তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যে তিন অভিযুক্তকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদও শুরু করা হয়েছে। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছে পুলিশ।
প্রসঙ্গত, মাসদুয়েক আগে এক ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিন নাবালকের বিরুদ্ধে। তাদের বয়স ছিল ১০ থেকে ১৬ বছরের মধ্যে। এক্ষেত্রেও নির্যাতিতাতে খাবারের প্রলোভন দেখানো হয়েছিল বলেই দাবি। উত্তর দিল্লির ভজনপুরার এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা গেলেও অন্যজন এখনও পলাতক। এর মধ্যেই রাজধানীতে সামনে এল আরেক নাবালিকার ধর্ষণের ঘটনা।
