shono
Advertisement
Karnataka

ঝিনুক কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি! কর্ণাটকে নদীতে তলিয়ে মৃত ৮, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।
Published By: Jaba SenPosted: 09:42 PM May 24, 2026Updated: 09:42 PM May 24, 2026

নদীতে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের আটজনের। মৃতদের মধ্যে ৭ জনই মহিলা বলে জানা গিয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও দুই জন। কর্ণাটকের উত্তর কন্নড় জেলায় রবিবার এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

Advertisement

ভাটকলের শিরালি গ্রামের কাছে তাট্টে হাক্কালু নদীতে ঘটনাটি ঘটে। এই নদীর আশপাশে বসবাসকারী বহু মানুষ নদী থেকে ঝিনুক সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। সেই মতো এদিনও মোট ১৪ জন নদীতে মিষ্টি জলের ঝিনুক সংগ্রহ করতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, ঝিনুক সংগ্রহের সময় কয়েকজন নদীর গভীর অংশে চলে যান। সেই সময় আচমকাই নদীর জলস্তর ও স্রোতের গতি বেড়ে যায়। জলের গভীরতা ও স্রোতের মাত্রা সঠিকভাবে বিচার করতে না পেরে তাঁরা নদীর গভীরে চলে গিয়েছিলেন। হঠাৎ জলস্রোত বেড়ে যাওয়ায় এক- দু’জন ভেসে যান। তাঁদের বাঁচাতে গিয়ে কয়েকজন নদীতে ঝাঁপ দেন। কিন্তু প্রবল স্রোতে তাঁরাও তলিয়ে যান। এই ঘটনায় এখনও পর্যন্ত আটটি দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মিষ্টি জলের ঝিনুক সংগ্রহ করে এই এলাকার অনেক মানুষ জীবিকা নির্বাহ করেন। এটি অনেকটা মাছ ধরার মতোই পেশা। মৃতদের মধ্যে অনেকে এই কাজে অভিজ্ঞ ছিলেন। এর আগেও তাঁরা নদীতে নেমে ঝিনুক সংগ্রহ করেছেন। পুলিশের প্রাথমিক অনুমান, সাম্প্রতি এলাকা বৃষ্টি হয়েছে। সেই কারণে নদীর স্রোত আচমকা বেড়ে গিয়ে থাকতে পারে। নিহতদের মধ্যে কতজন সাঁতার জানতেন তা খতিয়ে দেখছে পুলিশ। ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement