shono
Advertisement

Breaking News

লক্ষ্য হিন্দু মুখ্যমন্ত্রী! কাশ্মীর বিধানসভা পুনর্বিন্যাস করে জম্মুতে আসন বাড়াতে চায় সরকার

এ বছরের শেষের দিকেই কাশ্মীরে ভোট করাতে চায় কেন্দ্র। The post লক্ষ্য হিন্দু মুখ্যমন্ত্রী! কাশ্মীর বিধানসভা পুনর্বিন্যাস করে জম্মুতে আসন বাড়াতে চায় সরকার appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Jun 05, 2019Updated: 11:13 PM Jun 05, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই দীর্ঘদিন ধরে চলে আসা কাশ্মীর সমস্যা নিয়ে কাজ করা শুরু করে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। আগের সরকারের অন্যতম ব্যর্থতার জায়গা ছিল কাশ্মীর। চূড়ান্ত দমননীতি নিয়েও উপত্যকাকে শান্ত রাখা যায়নি। ক্রমাগত জঙ্গি হামলা এবং বিচ্ছিন্নতাবাদীদের বাড়বাড়ন্ত চাপে রেখেছে সরকারকে। কিন্তু, এবারে স্বরাষ্ট্রমন্ত্রকের ভার গিয়েছে মোদি সরকারের নম্বর-২ অমিত শাহর কাঁধে। আর দায়িত্ব নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করেছেন নতুন পরিকল্পনা। শোনা যাচ্ছে, শীঘ্রই কাশ্মীর বিধানসভার পুনর্বিন্যাস করতে চাইছে কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: ইফতার মন্তব্যের সমালোচনা, গিরিরাজকে সমঝে যাওয়ার বার্তা অমিত শাহের]

ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। সূত্রের খবর, এবছরের শেষের দিকেই উপত্যকায় বিধানসভা নির্বাচন করাতে চায় কেন্দ্র। তার আগেই কাশ্মীর বিধানসভার পুনর্বিন্যাস চাইছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীর বিধানসভার মোট আসন ৮৭। এর মধ্যে কাশ্মীর উপত্যকায় আসন রয়েছে ৪৬টি। জম্মুতে আসনসংখ্যা ৩৭। এবং লাদাখে আসনসংখ্যা ৪। এতদিন সাধারণত কাশ্মীর উপত্যকায় যে দল বেশি আসন পেত সেই দলই সরকার গড়ত। কিন্তু এবার কেন্দ্র চাইছে পুনর্বিন্যাসের মাধ্যমে হিন্দুপ্রধান জম্মুতে আসনসংখ্যা বাড়িয়ে নিতে। যাতে অদূর ভবিষ্যতে জম্মু ও কাশ্মীরে কোনও হিন্দুকে মুখ্যমন্ত্রী করা যায়। যদিও, এই পুনর্বিন্যাসের প্রস্তাব নতুন কিছু নয়।

[আরও পড়ুন: ‘বাঙালি মেয়েরা মুম্বইয়ে বার ডান্স করতে পারলে, হিন্দি শিখতে আপত্তি কেন?’ বিতর্কে তথাগত]

এর আগে কংগ্রেস সরকার থাকাকালীনও গুলাম নবি আজাদ এই পুনর্বিন্যাসের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, সেসয়ম কাশ্মীরের দলগুলির বিরোধিতায় তা আটকে যায়। এবারেও ইতিমধ্যেই কেন্দ্রের এই পুনর্বিন্যাসের সিদ্ধান্তের বিরোধিতা শুরু করেছে কাশ্মীরের দুই দল পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স। পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কথায়, “বিধানসভা পুনর্বিন্যাসের নামে ফের এক বার রাজ্যকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চায় কেন্দ্র।” একই সুর ন্যাশনাল কনফারেন্সের গলায়। অন্যদিকে, কংগ্রেস ধীরে চলো নীতি নিয়েছে। কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার কথায়, “প্রথম মোদি সরকারের আমলে নাশকতার সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে সেনা হত্যার ঘটনা। তা মাথায় রেখেই সরকারের এগোনো উচিত।”

The post লক্ষ্য হিন্দু মুখ্যমন্ত্রী! কাশ্মীর বিধানসভা পুনর্বিন্যাস করে জম্মুতে আসন বাড়াতে চায় সরকার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement