গত বছরের নভেম্বরে লালকেল্লার কাছে দিল্লির গাড়িবোমা বিস্ফোরণে শিউরে উঠেছিল দেশ। এবার জানা গেল, লস্করের 'টার্গেট' ফের লালকেল্লা। স্রেফ লালকেল্লাই নয়, চাঁদনি চকের একটি মন্দির-সহ দেশের অন্যান্য প্রধান মন্দিরের কাছে বিস্ফোরণের ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এমনটাই দাবি সূত্রের। জানা যাচ্ছে, ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের ইসলামাবাদের এক মসজিদে যে বিস্ফোরণ হয়েছিল, তার 'প্রতিশোধ' নিতেই এই সম্ভাব্য হামলার ছক!
গত বছর ৯ নভেম্বর দিল্লির লালকেল্লার সামনে ঘটে যায় ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারান ১২ জন। আহত অন্তত ২৪! সম্প্রতি রাষ্ট্রসংঘের সন্ত্রাস-বিরোধী পর্যবেক্ষণ দলের একটি রিপোর্টে দাবি করা হয়েছে, বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন তথা মাসুদ আজাহারের জইশ-ই-মহম্মদ! শুধু তা-ই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য জঙ্গি গোষ্ঠীটি সম্প্রতি তাদের যে ‘মহিলা ব্রিগেড’ গঠন করেছে, তা নিয়েও সতর্কতা জারি করা হয় ওই রিপোর্টে। এবার জানা গেল, হামলার ছক কষছে লস্করও।
গত ৬ ফেব্রুয়ারি বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের এক মসজিদ। মারা যান ৩১ জন। আহত হন ১৬০ জনেরও বেশি। নিরাপত্তাবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে সংবাদমাধ্যম জানায়, ঘটনার সময় বহু মানুষ মসজিদে জড়ো হয়েছিলেন। সেই সময় মসজিদের ভিতরেই প্রবেশ করতে যাচ্ছিল হামলাকারী। কিন্তু তাকে গেটেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী। তা সত্ত্বেও হামলা আটকানো যায়নি। প্রকাশ্যে আসা ভিডিওয় দেখা যায়, আগুনে ঝলসে যাওয়া বহু দেহ পড়ে রয়েছে রাস্তায়। অনেকেরই হাত-পা ছিন্নভিন্ন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদের একটি ফটক এবং আশপাশের কিছু ঘরবাড়ি। গত বছরের নভেম্বরেও ইসলামাবাদে আদালত চত্বরে আত্মঘাতী হামলায় বহু মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলায় দায় স্বীকার করে নেয় আইএস। এরপরও লস্কর ভারতে 'বদলা' নিতে চায় বলেই সূত্রের দাবি। যাকে ঘিরে ছড়াল চাঞ্চল্য।
