উত্তরপ্রদেশে ২১ বছরের তরুণের হাতে বাবার খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি, মনে করা হচ্ছে বাবাকে গুলি করে খুন করে প্রমাণ লোপাটে দেহ লুকিয়ে ফেলার পরিকল্পনাও করেছিল অভিযুক্ত। এমনকী, বাবার মাথা গাড়িতে নিয়ে ২১ কিলোমিটার নাকি ড্রাইভও করেছিল সে! লখনউ হত্যাকাণ্ডে (Lucknow Murder) এমনই নানা দাবি তদন্তকারীদের।
জানা গিয়েছে মৃতের নাম মানবেন্দ্র সিং। তাঁর জ্যেষ্ঠপুত্র উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। ছোট ছেলে অক্ষত পড়াশোনায় বেশ ভালো, দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো নম্বর পেয়েছিলেন। তাই বাবার ইচ্ছা ছিল, ছেলে ডাক্তার হোক। সে কারণেই নিট পাশ করার জন্য কিছুটা জোরাজুরি করতেন। বাবা জোর করেন, সেই রাগেই নাকি গত ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটে নাগাদ বাবাকে গুলি করে হত্যা করে অক্ষত! এখানেই শেষ নয়। পুলিশের দাবি, মৃতদেহ টুকরো টুকরো করে ফেলে একটি নীল ড্রামে ভরে রাখে সে। বাকি দেহাংশ গাড়ি করে ফেলতে যায়। আর তখনই পুলিশের নজরে পড়ে যায়। এরপরই তাকে আটক করা হয়। ধীরে ধীরে সামনে আসলে হাড়হিম সত্যি!
কিন্তু সত্যিই কি নিট পাশ করা নিয়ে বাবার জোরাজুরির কারণেই বাবা মানবেন্দ্রকে খুন করেছে অক্ষত? পরিবারের সদস্যদের দাবি অবশ্য অন্য। অনেকেই দাবি করেছেন, অক্ষত চাইত পারিবারিক ব্যবসার নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে। বেশি পড়াশোনা করার কোনও ইচ্ছেই ছিল না তার। এই নিয়ে বহুবার নাকি বাকবিতণ্ডাও হয়েছে বাবা-ছেলের। একবার বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল অক্ষত। আর এবার তর্কাতর্কির মাঝেই মেজাজ হারিয়ে খুন করেছে সে।
অভিযুক্তর পরিষ্কার দাবি ছিল, যেহেতু তাদের ব্যবসা ইতিমধ্যেই প্রতিষ্ঠিত, সেক্ষেত্রে তার আর আলাদা করে নিট পাশ করার দরকার কী! গোটা ঘটনা দেখে ফেলা বোনকেও ভয় দেখিয়ে চুপ করিয়ে রেখেছিল অক্ষত। আপাতত পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাকে।
