shono
Advertisement

ছেলের সামনেই স্ত্রীকে টানা ২৫ বার কোপাল যুবক

কেবলমাত্র সন্দেহের বশেই নৃশংসতা! The post ছেলের সামনেই স্ত্রীকে টানা ২৫ বার কোপাল যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 10:48 AM Jun 22, 2017Updated: 05:18 AM Jun 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে স্ত্রীর। কেবলমাত্র এই সন্দেহের বশেই তাঁকে কুপিয়ে খুন করল ৪৩ বছরের ব্যক্তি। ছেলের সামনেই স্ত্রীকে প্রায় পঁচিশবার কোপাল দিল্লির বাসিন্দা। বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রত্যক্ষদর্শী কিশোরই।

Advertisement

বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লির শাহদারা এলাকায়। সেখানেই এক কলোনিতে থাকতেন ৩৬ বছরের রেখা। ১৬ বছর আগে তাঁর বিয়ে হয়েছিল বিনোদের সঙ্গে। জানা গিয়েছে, গত কয়েকমাস ধরেই স্ত্রীকে সন্দেহ করত বিনোদ। তার অভিযোগ ছিল, অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে রেখার। বুধবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হয়। ঝগড়ার মাঝেই আচমকা রান্নাঘর থেকে ছুরি নিয়ে এসে স্ত্রীকে কোপাতে শুরু করে বিনোদ। সামনেই দাঁড়িয়ে ছিল রেখা ও বিনোদের ১৫ বছরের ছেলে বিনীত। মাকে বাঁচাতে ছুটে যায় সে। বাবার হাত থেকে ছুরি কেড়ে নেওয়ারও চেষ্টা করে। কিন্তু বিনোদ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাকেও আঘাত করে।

[টানা ৬ ঘণ্টার অপারেশনে পুলওয়ামায় খতম ৩ লস্কর জঙ্গি]

শেষে কোনও উপায় না দেখে রেখার ভাইকে ফোন করে বিনীত। তিনিই পুলিশে খবর দেন। তবে পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বিনোদ। রেখা ও বিনীতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে রেখাকে মৃত বলে ঘোষণা করা হয়। বিনীতকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে বিনীত। কীভাবে তার মাকে খুন করা হয়েছে, বিস্তারিত পুলিশকে জানায় ১৫ বছরের কিশোর। বুধবার রাতের দিকে অভিযুক্ত বিনোদকে গ্রেপ্তার করা হয়েছে। খুব শিগগিরই তাকে আদালতে তোলা হবে। তবে তার আগে মনোবিদেরও পরামর্শ নেওয়া হবে বলে জানা গিয়েছে শাহদারা জেলার পুলিশ সূত্রে।

প্রসঙ্গত, গত বছরই দিল্লিতে প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে টানা ২২ বার ছুরি দিয়ে কুপিয়ে খুন করেছিল এক যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল রাজধানীতে। পরে জানা যায়, প্রেমে ব্যর্থ হয়েই এই কাজ করেছিল ওই যুবক। সেই ঘটনার কথাই যেন মনে করিয়ে দিল বুধবারের ঘটনা।

[মহিলার নগ্ন ছবি শেয়ার করার অভিযোগে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মামলা]

The post ছেলের সামনেই স্ত্রীকে টানা ২৫ বার কোপাল যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement