Advertisement
অতিরিক্ত খাওয়াদাওয়া না করেও বিয়ের পর কেন ওজন বাড়ে তরুণীদের?
যে তরুণী ছিপছিপে চেহারা পেতে কত কিছুই না করেছেন। তাঁরই কিনা বিয়ে হতে না হতেই ওজন বেড়ে গিয়েছে অনেকখানি। আয়নার সামনে দাঁড়িয়ে মনখারাপ তন্বীর।
জিরো ফিগারই এখন ট্রেন্ড। তাই নিজের চেহারা নিয়ে বহু তন্বীই বেশ চিন্তিত। ছিপছিপে, মেদহীন চেহারা পেতে কত কিছুই না করেন তাঁরা। জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা শারীরিক কসরত থেকে মাপজোক করে খাওয়াদাওয়া। নানা পদ্ধতি অবলম্বন করেন তন্বীরা। বিয়ের আগে রোগা হতে অনেকেই কড়া নিয়ম মেনে চলেন।
তবে বিয়ের পরই দেখা যায় বদলে গিয়েছে সব কিছু। যে তরুণী ছিপছিপে চেহারা পেতে কত কিছুই না করেছেন। তাঁরই কিনা বিয়ে হতে না হতেই ওজন বেড়ে গিয়েছে অনেকখানি। আয়নার সামনে দাঁড়িয়ে মনখারাপ তন্বীর। মা-ঠাকুমারা অবশ্য এসবে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের মতে, বিয়ের পর ওজন নাকি সামান্য বাড়ে।
ওজন বাড়ার নেপথ্য কারণ কী, তা নিয়ে নানা মুনির নানা মত। কেউ কেউ ভাবেন, অতিরিক্ত খাওয়াদাওয়ার ফলে ওজন বেড়ে যায়। তবে তথ্য বলছে, তা নয়। বহুক্ষেত্রেই দেখা গিয়েছে বিয়ের পর খাবারের পরিমাণে কিছু বদল না আসা সত্ত্বেও ওজন বেড়ে গিয়েছে বহু তরুণীর। তবে এই সময়ে বহু তরুণীর খাদ্যাভ্যাসে বদল আসে। নতুন পরিবারে যাওয়ার ফলে নিজের মতো করে খাওয়াদাওয়া হয় না।
তবে এটি শুধু ওজন বৃদ্ধির কারণ নয় বলেই মত বিশেষজ্ঞদের। সেক্ষেত্রে নেপথ্যে রয়েছে আর কোন কারণ। কেউ কেউ বলছেন, বিয়ের পর ওজন বাড়ার নেপথ্যে অন্যতম কারণ দুশ্চিন্তা। বাবা-মা, কাছের মানুষদের ছেড়ে নতুন বাড়িতে যেতে হয় তরুণীদের। প্রেম করে বিয়ে হোক কিংবা দেখাশোনা - স্বাভাবিকভাবেই উদ্বেগ কাজ করে। আর তার ফলে ওজন বৃদ্ধি হতে পারে তরুণীদের।
দুশ্চিন্তা থেকে বিয়ের আগে তরুণীদের নানা শারীরিক সমস্যা দেখা দেয়। বহু তরুণী এই সময়ে দুশ্চিন্তার ফলে রাতের পর রাত জাগেন। কেউ কেউ আবার খাওয়াদাওয়া কমিয়ে দেন। আবার অনেকে চিন্তাভাবনায় বেশি খান। আয়রন এবং নানা ভিটামিনের ঘাটতিও দেখা দেয় শরীরে। হরমোনের তারতম্যও ঘটে। যার ফলে বিয়ের পর ওজন বৃদ্ধি পায় বহু তরুণীর।
আবার কোনও কোনও সদ্য বিবাহিত তরুণী চুল পড়ার সমস্যায় ভোগেন। কেউ কেউ ভাবেন বিয়ের পর সিঁদুর পরার ফলে হয়তো চুলপড়ার সমস্যা দেখা দেয়। তবে মোটেও তা নয়। শুধুমাত্র সিঁদুরে থাকা রাসায়নিক বিক্রিয়ার ফলে চুল পড়ে যায় না। মানসিক চাপ, হরমোন এবং ভিটামিনের তারতম্যের ফলে চুল পড়ার সমস্যা দেখা যায়।
সন্তান জন্মের পরেও বহু মহিলা একইরকমভাবে ওজন বৃদ্ধি এবং চুল পড়ার সমস্যায় ভোগেন। এমন নয় যে তাঁদের খাওয়াদাওয়া অত্যন্ত বেড়ে গিয়েছে। বরং কুড়ে কুড়ে খাওয়া মাতৃত্ব পরবর্তী যন্ত্রণার ফলে ওজনের পরিবর্তন হয়। আর তার ফলে অনিদ্রার সমস্যা তৈরি হয়। এবং শরীরে হরমোনের ঘাটতিও দেখা যায়। ওজন বৃদ্ধির ফলে আত্মবিশ্বাসও কমে বহু মহিলার।
তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ওজন বাড়লে সতর্ক হোন। প্রয়োজনে চিকিৎসকের কাছে যান। কোনও শারীরিক সমস্যা তৈরি হচ্ছে কিনা, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখুন। শুধুমাত্র মানসিক উদ্বেগ ওজন বৃদ্ধির কারণ হলে, সাবধান হোন। যোগব্যায়াম করুন। তাতেই কমবে ওজন। মনখারাপ করে আত্মবিশ্বাস হারাবেন না। আখেরে তাতে ক্ষতি হবে আপনারই।
Published By: Sayani SenPosted: 05:12 PM Jun 06, 2026Updated: 05:12 PM Jun 06, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
