shono
Advertisement
Bengaluru

ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা! স্বামীকে গণধোলাই উত্তেজিত জনতার, ভাইরাল ভিডিও

দ্বিতীয় বিয়ের পর সঞ্জয় সোনালিকে নিয়ে বেঙ্গালুরুতে চলে আসেন। দু'জনেই শহরের একটি পোশাক নির্মাণ সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি অনুযায়ী, মদ্যপ অবস্থায় দিনের পর দিন স্ত্রীর উপর অত্যাচার করে গিয়েছেন সঞ্জয়।
Published By: Amit Kumar DasPosted: 06:55 PM May 08, 2026Updated: 06:57 PM May 08, 2026

ব্যস্ত রাস্তায় স্ত্রীর গলায় ছুরি চালানোর চেষ্টা স্বামীর। যদিও পথচলতি মানুষের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন মহিলা। গত বৃহস্পতিবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কর্নাটকের বেঙ্গালুরুর দাসানাপুরায়। মহিলাকে উদ্ধার করার পর রীতিমতো গণধোলাই দেওয়া হল অভিযুক্তকে। জনরোষ থেকে অভিযুক্তকে উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই যুবকের নাম সঞ্জয় ও স্ত্রী সোনালি। দ্বিতীয় বিয়ের পর সঞ্জয় সোনালিকে নিয়ে বেঙ্গালুরুতে চলে আসেন। দু'জনেই শহরের একটি পোশাক নির্মাণ সংস্থায় কাজ করতেন। পুলিশের দাবি অনুযায়ী, মদ্যপ অবস্থায় দিনের পর দিন স্ত্রীর উপর অত্যাচার করে গিয়েছেন সঞ্জয়। লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে আলাদা থাকতে শুরু করেন সোনালি। এর জেরে একাধিকবার সোনালিকে খুনের হুমকিও দেয় সঞ্জয়। বৃহস্পতিবার দুপুরে রাস্তায় তাঁকে একা পেয়ে ছুরি হাতে প্রাণঘাতী হামলা চালায়।

ঘটনার যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ব্যস্ত রাস্তায় বাইক থামিয়ে উলটো দিক থেকে আসা সোনালির উপর হামলা করেন সঞ্জয়। ছুরি হাতে সোনালির গলা কাটার চেষ্টা করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনা দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন সঞ্জয়কে পেড়ে ফেলে উদ্ধার করা হয় মহিলাকে। এরপর রীতিমতো গণধোলাই দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোনালি সরাসরি সঞ্জয়ের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের না করলেও একটি এনসিআর নথিভুক্ত হয়েছে। পরে পুলিশের তরফে ওই দম্পতিকে কাউন্সিলিংয়ের জন্য পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement