সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্দার প্রভাব এবার সরাসরি পড়া শুরু করল গাড়ি শিল্পে। এতদিন ছোটখাটো কর্মী ছাঁটাই চলছিল। এবার সরাসরি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থা মারুতি সুজুকি। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ৭ এবং ৯ সেপ্টেম্বর ‘নো প্রোডাকশন ডে’ পালন করা হবে কোম্পানির দুটি কারখানায়। ওই দু’দিন বন্ধ রাখা হবে সংস্থার গুরুগ্রাম এবং মানেসারের কারখানায় যাত্রীবাহী গাড়ির উৎপাদন পুরোপুরি বন্ধ রাখা হবে।
[আরও পড়ুন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরও কড়া নয়াদিল্লি, হাফিজ সইদ-দাউদদের ‘জঙ্গি’ তকমা কেন্দ্রের]
গত কয়েক মাস ধরেই গাড়ি শিল্পে ব্যাপক মন্দা চলছে। প্রায় সমস্তরকম গাড়ি সংস্থা লোকসানে চলছে। এর প্রধান কারণ, চাহিদার অভাব। মারুতি সুজুকির রিপোর্ট বলছে, গত বছর আগস্ট মাসের তুলনায় এবছর আগস্ট মাসে সবরকম গাড়ি বিক্রির পরিমাণ কমেছে প্রায় ৩৩ শতাংশ। শুধু যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ। যাত্রীবাহী গাড়ির বিক্রি একবছরে কমেছে প্রায় ৩৬ শতাংশ। ফলে বিপুল লোকসানের মুখ দেখতে হচ্ছে সংস্থাকে। লোকসানের আরও কারণ রয়েছে। আসলে, বাজেটে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির উপর অতিরিক্ত কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার উপর রয়েছে নিরাপত্তার জন্য অতিরিক্ত শর্ত। যা মানতে গিয়ে জমা-খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে সংস্থাকে।
[আরও পড়ুন: ভিন সম্প্রদায়ে প্রেম, অর্ধনগ্ন করে গোটা গ্রাম ঘোরানো হল তরুণীকে]
স্বাভাবিকভাবেই ব্যয় সংকোচের পথে হাঁটছে সংস্থা। ইতিমধ্যেই দফায় দফায় কর্মী ছাঁটাই হয়েছে। সপ্তাহখানেক আগেই প্রায় ৩ হাজার অস্থায়ী কর্মীকে ছাঁটাই করেছে মারুতি সুজুকি। তাদের বেতন মেটানো হয়েছে কিনা, তা নিয়েও স্পষ্ট কোনও বার্তা কোম্পানির তরফে মেলেনি। এরপরই দুটি বড় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মারুতি সুজুকি। বুধবার দুপুর একটার কিছু পরে বম্বে স্টক এক্সচেঞ্জে সংস্থার তরফে কোম্পানিতে ‘নো প্রোডাকশন ডে’ ঘোষণা করা হয়েছে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। এই খবর ঠাউর হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা পড়ে যায় মারুতি সুজুকির শেয়ার। পরে অবশ্য কিছুটা সামাল দেওয়া গিয়েছে।
The post মন্দার ধাক্কা, দু’টি কারখানায় সাময়িক উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত ‘মারুতি’র appeared first on Sangbad Pratidin.
