সাত সকালে রাজধানী এক্সপ্রেসে ভায়াবহ অগ্নিকাণ্ড (Rajdhani Express Fire)। তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী ট্রেনটিতে যাত্রাপথে আচমকা দাউদাউ করে আগুন লেগে যায়। এরপরই আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। যদিও শেষ পর্যন্ত বড় বিপদ ঘটেনি বলেই জানা গিয়েছে। যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
শনিবার ট্রেনটি নির্ধারিত সময়ে তিরুবনন্তপুরম থেকে দিল্লির উদ্দেশে রওনা দেয়। রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ মধ্যপ্রদেশের লুনি রিছা এবং বিক্রমগড় আলোট স্টেশনের মধ্যবর্তী এলাকায় আচমকা ট্রেনটির বি-১ কোচে আগুন লাগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। দাউদাউ আগুনে উত্তেজনা ছড়িয়ে পড়ে ট্রেনের ভিতরে। হুড়োহুড়িতে চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন কয়েকজন যাত্রী। তড়িঘড়ি লোকো পাইলটকে খবর দেয় ট্রেনের গার্ড। এরপরই জরুরি ভিত্তিতে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ।
জানা গিয়েছে, বি-১ কোচে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। দ্রুত তাঁদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলও। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে দু'টি কোচ। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরাও। কিন্তু কী কারণে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের জেরে ওই লাইনে সাময়িকভাবে বিঘ্নিত হয় রেল পরিষেবা।
