রাজনীতিতে কে বন্ধু, কে শত্রু-সমীকরণটা যেন প্রতিদিনই পালটে যায়। রাহুল গান্ধীর জন্মদিনের (Rahul Gandhi Birthday) শুভেচ্ছায় একেবারে স্পষ্ট হয়ে উঠল সেই পরিবর্তন। কয়েকমাস আগেও তামিলনাড়ু বিধানসভা ভোটে যে ডিএমকের সঙ্গে কংগ্রেসের জোট ছিল, সেই দলের তরফ থেকে এসেছে দায়সারা শুভেচ্ছা। আবার বাংলার বিধানসভা নির্বাচনী প্রচারে এসে যে তৃণমূলকে তুলোধোনা করেছিলেন রাহুল, সেই তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতাকে। এই শুভেচ্ছাবার্তাতেই ফুটে উঠল ইন্ডিয়া জোটের বর্তমান অবস্থাটা।
গতবছর পর্যন্তও 'ভাই' বলে সম্বোধন করেছিলেন। কিন্তু এবার রাহুল গান্ধীকে খানিকটা দায়সারা ভাবে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এমকে স্ট্যালিন। ডিএমকে'র সঙ্গে কংগ্রেসের সুসম্পর্কে বেশ কয়েকদিন আগেই দাঁড়ি পড়ে গিয়েছে। রাহুলকে ঘুরিয়ে 'পাপ্পু' বলেও কটাক্ষ করতে ছাড়েনি স্ট্যালিনের দল। ইন্ডিয়া জোটের দুই শরিকের সম্পর্ক কতখানি তলানিতে নেমেছে, তার ছবি ধরা পড়ল স্ট্যালিনের শুভেচ্ছায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 'বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।'
শুক্রবার জন্মদিন উপলক্ষে লোকসভার বিরোধী দলনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশজুড়ে অন্যান্যরাও রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের নজরে পড়েছে স্ট্যালিনের শীতলতা। গতবছর এক্স হ্যান্ডেলে ডিএমকে প্রধান লিখেছিলেন, 'আদর্শগতভাবে আমার ভাই রাহুল গান্ধীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানাই। আমাদের রক্তের সম্পর্ক নেই। কিন্তু চিন্তা, দর্শন এবং উদ্দেশ্যের বন্ধনে আমরা একে অপরের ভাই। তুমি শক্তভাবে এগিয়ে চলো। ভারতকে আরও উজ্জ্বল করে তুলতে আমরা একজোট থাকব।'
গতবছরের তুলনায় এবার রাহুলের জন্মদিনে অনেকটাই আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'রাহুল গান্ধীর সুস্বাস্থ্য কামনা করি। সকল কাজে তিনি সফল হোন, উজ্জ্বল থাকুন।' জাতীয় রাজনীতিতে গুঞ্জন, তৃণমূল এবার মিশে যেতে চলেছে কংগ্রেসে। দিল্লিতে রাহুলের সঙ্গে সাক্ষাৎও করেছেন অভিষেক। সেকারণেই কি জন্মদিনে এত উষ্ণ শুভেচ্ছা?
