shono
Advertisement

চুরির অভিযোগে গণপিটুনি, আহতের সঙ্গে হাসি মুখে সেলফি তুলতে ব্যস্ত জনতা

ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Posted: 02:36 PM Feb 23, 2018Updated: 02:51 PM Feb 23, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগে নৃশংসভাবে মারধর করা হল এক ব্যক্তিকে। শুধু তাই নয়, গণপিটুনি দেওয়ার পর আহত ওই ব্যক্তির সঙ্গে হাসি মুখে সেলফিও তুলল সকলে। এমন অমানবিক কাণ্ডে হতবাক সভ্য সমাজ।

Advertisement

[কপিল ও আজহারের থেকে টিপস, তবু ফেল জুনিয়র ট্রুডো]

ঘটনা কেরলের পালাক্কাড় জেলার। ৩০ বছরের ওই আদিবাসীর নাম মধু বলে জানা গিয়েছে। স্থানীয় যুবকদের অভিযোগ, বৃহস্পতিবার চুরি করে ধরা পড়েছিল মধু। যে কারণে পুলিশকে খবর দেওয়ার আগেই আইন নিজেদের হাতে তুলে নেয় তারা। অভিযুক্তকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করে সকলে মিলে। নৃশংসতার মাত্রা ছাড়ায় যখন ওই আহত ব্যক্তির সঙ্গে মারধরকারীরা একে একে সেলফি তুলতে থাকে। ভাবটা এমন যেন উৎসব চলছে। অত্যন্ত আনন্দের ঘটনা ঘটেছে। সেই ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল সাইটে। যুব সমাজের এমন অমানবিক রূপ চমকে দিয়েছে অনেককেই।

[সাত ব্যাংকে ৩৬৯৫ কোটি টাকার ঋণখেলাপি, গ্রেপ্তার রোটোম্যাক কর্তা]

গুরুতর আহত অবস্থায় কোট্টাথারা সরকারি হাসপাতালে পরে ভরতি করা হয় মধুকে। ডাকা হয় পুলিশকেও। কিন্তু ততক্ষণে সব শেষ। গণপিটুনিতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ে মধু। পুলিশ সূত্রে খবর, এর আগেও মধুর বিরুদ্ধে তিনবার চুরির অভিযোগ দায়ের হয়েছে। গত কয়েকদিন ধরেই তার খোঁজ চলছিল। তাকে গ্রেপ্তারও করা হত। জানা গিয়েছে, গ্রামের জঙ্গল এলাকাতে থাকত সে। স্থানীয় দোকানগুলি থেকে চুরি-চামারি করেই পেট চালাত। দোকানের সিসিটিভি ফুটেজেও তার চুরির দৃশ্য ধরা পড়েছে বলে জানায় পুলিশ। আর তাই খোঁজ পেতেই স্থানীয়রা তার উপর ঝাঁপিয়ে পড়ে। গাছের সঙ্গে বেঁধে মারধর করে। তবে গণপিটুনির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে তাদের সন্দেহের তালিকায় রয়েছে সাত অভিযুক্ত। মধুর ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই ঠিক হবে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement