shono
Advertisement
Mumbai

সমকামী যুবকের সঙ্গে ডেটে যেতেই মহাবিপদ! সর্বস্ব খোয়ালেন ব্যক্তি, খুলতে হল পোশাকটুকুও

ডেটিং অ্যাপে আলাপ, একে অপরকে পছন্দ, তারপরেই দেখা। কিন্তু দেখা করতে গিয়েই বিপাকে পড়লেন যুবক।
Published By: Anwesha AdhikaryPosted: 09:58 AM Aug 06, 2026Updated: 09:58 AM Aug 06, 2026

ডেটিং অ্যাপে আলাপ, একে অপরকে পছন্দ, তারপরেই দেখা। কিন্তু দেখা করতে গিয়েই বিপাকে পড়লেন যুবক। ডেটে যেতেই তাঁকে বিবস্ত্র করে মারধর করল সঙ্গী। এমনকী নগ্ন অবস্থায় যুবকের ছবিও তোলা হয়। সেই ছবি দেখিয়ে রীতিমতো হুমকি দিয়ে তাঁর থেকে কেড়ে নিল ৫০ হাজার টাকা!

Advertisement

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের দেওনারে। পুলিশ সূত্রে খবর, ৩১ বছর বয়সি ওই যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ হয় আরেক ব্যক্তির। ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতা, তারপরে এক নির্জন স্থানে দেখা করতে যান দু'জনে। সেখানেই ওঁত পেতেছিল বিপদ। একেবারে জনশূন্য স্থানে যখন দু'জনে কথা বলছেন, সেসময়েই একদল দুষ্কৃতী তেড়ে আসে। ছুরি দেখিয়ে হুমকি দিতে শুরু করে তারা। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে ওই যুবক পোশাক খুলতে বাধ্য হন।

নগ্ন অবস্থায় ওই যুবকের একাধিক ছবি এবং ভিডিও তোলে দুষ্কৃতীরা। সেই ছবি দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেল। মাদক পাচারের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে, ছবি ভাইরাল করে দেওয়া হবে-এমন নানা কথায় ভয় দেখানো হয় যুবককে। শেষ পর্যন্ত ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীর দল। সেইসঙ্গে উধাও সমকামী যুবকটিও। কোনওমতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ৩১ বছর বয়সি যুবক। তিনি প্রজেক্ট ম্যানেজার হিসাবে বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে কর্মরত। থাকেন শিবাজি নগরে।

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, এই ডেটিং অ্যাপের উদ্দেশ্যই হল এহেন অসামাজিক কার্যকলাপ চালানো। প্রথমে প্রেমের ফাঁদে ফেলা, তারপর ডেটের ছুতোয় নির্জন স্থানে ডেকে নিয়ে যাওয়া। সেখানে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করে পালানো-এই গোটা ঘটনাক্রমটাই পূর্ব পরিকল্পিত বলে মনে করছে পুলিশ। ডাকাতির জন্যই এই ডেটিং অ্যাপ চালানো হয় বলেই অনুমান। যেহেতু এই গোটা চক্র চলে সমকামিতার উপর ভিত্তি করে, তাই লোকলজ্জার ভয়ে কেউ পুলিশের দ্বারস্থ হবে না বলেই ধরে নেয় দুষ্কৃতীরা। দিনকয়েক আগে পুণেতেও এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। আপাতত এই বিষয়গুলির ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement