চার বছর ধরে এক বহুজাতিক কোম্পানির মহিলা কর্মীদের যৌন হেনস্তার অভিযোগে টিম লিডার-সহ ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। মহারাষ্ট্রের নাসিকের (Nashik) এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মোট ৯টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হয়। ধৃতদের মধ্যে ৪ জনকে ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। অন্য একজন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন অফিসেরই এক মহিলা কর্মীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে বারবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। ওই একই অভিযুক্তের বিরুদ্ধে অন্য এক মহিলা কর্মীকে শারীরিকভাবে হেনস্থা করে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করার অভিযোগ রয়েছে। এমনকী তাঁর বৈবাহিক জীবন নিয়েও অপমানজনক মন্তব্য করেছেন তিনি। পুলিশ জানিয়েছে, গত চার বছর ধরে অভিযুক্তরা লাগাতার মহিলাদের যৌন হেনস্তা করছেন। তাঁদের বিরুদ্ধে যৌন হয়রানি-সহ ধর্মীয় ভাবাবেগে আঘাত করারও অভিযোগ রয়েছে। মোট ৯টি ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী একাধিকবার এই ঘটনা সম্পর্কে কোম্পানির এক শীর্ষ আধিকারিককে মৌখিকভাবে জানিয়েছিলেন। কিন্তু তিনি এই সব অভিযোগে আমল দিতে চাননি। উলটে অভিযুক্তদেরই মদত দেন। যৌন হেনস্তার পাশাপাশি মহিলাদের শারীরিক গঠন নিয়ে অশ্লীল মন্তব্য, এক কর্মীকে নমাজ পড়তে বাধ্য করে তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার মতো অভিযোগও সামনে এসেছে। মঙ্গলবার এই সব ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক চার জনকে ১০ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। বাকি একজনকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
