সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দেখিয়েছে ‘চিপকো’ আন্দোলন৷ সাহস জুগিয়েছে যশোহর রোডের ‘গাছ বাঁচানো’র ডাক৷ উন্নয়নের বদান্যতায় যখনই গাছের মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, তখন রুখে দাঁড়িয়ে পরিবেশকর্মীরা৷ বেঁধেছেন জোট৷ ‘চিপকো’ আন্দোলনের দেখানো পথে গাছ জড়িয়ে ধরে চলেছে প্রতিরোধ৷ বাদ যায়নি রাজধানী দিল্লিও৷ রাজধানীর পরিবেশ কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে আপাতত স্থগিত থাকল প্রায় ১৮ হাজার গাছের মৃত্যুদণ্ডের নির্দেশ৷ আগামী ১৯ জুলাই পর্যন্ত একটি গাছেও হাত দেওয়া যাবে না বলে সোমবার সাফ জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট৷
এদিন জাতীয় পরিবেশ আদালত, ন্যাশনাল বিল্ডিং ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনবিসিসি) ও পূর্ত দপ্তরকে গাছ কাটার কাজ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একটি গাছেও হাত দেওয়া যাবে না বলেও উচ্চ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷
[এবার যে কোনও দেশই গ্রেপ্তার করতে পারে নীরব মোদিকে , জারি ‘রেড কর্নার’ নোটিস]
এমনিতেই দূষণ সমস্যায় ভুগছে রাজধানী৷ তার উপর গাছ কাটার কেন্দ্রীয় নির্দেশের বিরুদ্ধে জনমত গড়ে উঠতে বেশি সময় লাগেনি৷ গাছের মৃত্যুদণ্ড রুখতে সাধারণ মানুষই এগিয়ে আসেন৷ নামেন ‘গাছ বাঁচাও’ অভিযানে৷ দিল্লির বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ১৬ হাজার গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ দিল্লিতে সরকারের ভিআইপি হাউজিংয়ের জন্য এই গাছ কাটা পড়ার কথা ছিল। গাছগুলি বেশিরভাগই সরোজিনী নগর থানার আওতায় পড়ে৷ কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধিতা করেন স্থানীয়রা। এই নিয়ে একটি ক্যাম্পেনের সূত্রপাত করেন প্রেরণা প্রসাদ। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা ছড়িয়ে দেন৷ ফল মেলে হাতেনাতে। শেষমেশ আদালত গোটা বিষয়টি নিজের হাতে নেয়৷ শুরু হয় আইনি লড়াই৷ গাছ কাটার বিরোধিতা করে দিল্লি হাই কোর্ট মামলা দায়ের হয়৷ আদালতের তরফে সমস্ত সওয়াল জবাব শোনার পর প্রথম ধাপে ২ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ জারি করে আদালত৷ আজ, ফের মামলা উঠলে উচ্চ আদালতের তরফে আগামী দু’সপ্তাহ স্থগিতাদেশ বাহাল রাখার নির্দেশ জারি করা হয়৷
The post গাছের ‘মৃত্যুদণ্ড’ রুখল রাজধানীর আমজনতাই, বাড়ল স্থগিতাদেশের মেয়াদ appeared first on Sangbad Pratidin.
