shono
Advertisement
Chennai Metro

সহযাত্রীকে বিরক্ত করে রিল দেখা আর নয়, মেট্রোয় শব্দদূষণে এবার গুনতে হবে মোটা জরিমানা

নির্দেশিকায় বলা হয়েছে, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২-এর ধারা ৫৯ অনুযায়ী এমন কোনও আচরণ যা অন্য যাত্রীর অসুবিধার কারণ, সেই ধরনের ঘটনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়।
Published By: Amit Kumar DasPosted: 06:24 PM Apr 20, 2026Updated: 08:14 PM Apr 20, 2026

হেডফোনের বালাই নেই, পাশে বসে গমগমে শব্দে রিল দেখে চলেছেন সহযাত্রী। আশপাশের যাত্রীরা বিরক্ত হলেও সেদিকে হুঁশ নেই রিল প্রেমীর। লোকাল ট্রেন হোক বা মেট্রো এ দৃশ্য নতুন কিছু নয়। চূড়ান্ত বিরক্ত হলেও মুখ বুজে শব্দ যন্ত্রণা সহ্য করতে হয় যাত্রীদের। এই ধরনের ঘটনায় এবার লাগাম টানতে চলেছে চেন্নাই মেট্রো রেল লিমিটেড (CMRL)। এখন থেকে সহযাত্রীকে বিরক্ত করে মেট্রোয় শব্দদূষণ করলে এখন থেকে গুনতে হবে ৫০০ টাকা জরিমানা।

Advertisement

চেন্নাই মেট্রো (Chennai Metro) রেল লিমিটেডের তরফে সম্প্রতি এক নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, মেট্রো বা মেট্রো পরিসরে উচ্চস্বরে কথা বলা, হেডফোন ছাড়া মিউজিক বা ভিডিও চালানো কিংবা ফোন স্পিকার মোডে দিয়ে কথা বলা এখন থেকে বেআইনি বলে গণ্য করা হবে। এতদিন মেট্রোয় এই ধরনের ঘটনা আকছার ঘটলেও এবার তা রুখতে কড়া পদক্ষেপের পথে হাঁটছে মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো বা মেট্রো পরিসরে উচ্চস্বরে কথা বলা, হেডফোন ছাড়া মিউজিক বা ভিডিও চালানো কিংবা ফোন স্পিকার মোডে দিয়ে কথা বলা এখন থেকে বেআইনি বলে গণ্য করা হবে।

নির্দেশিকায় বলা হয়েছে, মেট্রো রেলওয়ে অ্যাক্ট ২০০২-এর ধারা ৫৯ অনুযায়ী এমন কোনও আচরণ যা অন্য যাত্রীর অসুবিধার কারণ, সেই ধরনের ঘটনাকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ধরনের ঘটনায় যাত্রীকে ৫০০ টাকা জরিমানা, প্রয়োজনে অভিযুক্ত যাত্রীকে মেট্রো পরিসর থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই আইনকেই কড়াভাবে লাগু করতে চলেছে চেন্নাই মেট্রো।

নির্দেশিকার পাশাপাশি জরিমানা এড়ানোর উপায়ও বাতলে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। সিএমআরএল জানিয়েছে, তেমন হলে যাত্রীরা যেন হেডফোন ব্যবহার করেন। যদি নিতান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে ফোনে আস্তে কথা বলুন এবং স্পিকারে কথা বলবেন না। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে, ভারতীয় রেলও যাত্রীদের কাছে একই ধরনের আবেদন করেছিল। এক বিবৃতিতে ভারতীয় রেল জানিয়েছে যে, ট্রেনে হেডফোন ব্যবহার করা উচিত, যাতে সহযাত্রীদের কোনও অসুবিধা না হয়। যদিও এক্ষেত্রে জরিমানা সংক্রান্ত কিছুই জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement