ভালোবাসার টানে বাড়ি থেকে পালিয়েছিলেন। তাতেই করুণ পরিণতি হল এক তরুণীর। প্রেমিকের বিরুদ্ধেই উঠল ধর্ষণের অভিযোগ। পরে সেই নির্যাতিতাকেই ফের যৌন নিগ্রহ করে খুনের অভিযোগ উঠল এক অজ্ঞাত পরিচয় যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) জগৎসিংহপুরে।
পুলিশ সূত্রে খবর, গত ২২ ফেব্রুয়ারি ওই তরুণী তাঁর প্রেমিকার সঙ্গে পালানোর ছক করেন। যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো বাড়ি থেকে পালিয়ে নিটবর্তী একটি মন্দিরে দেখা করেন দু’জন। অভিযোগ, যুবক তাঁকে একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করেন। এরপর একটি নির্জন বাস স্ট্যান্ডে তরুণীকে ফেলে রেখে সেখান থেকে চম্পট দেন। জানা গিয়েছে, বিধ্বস্ত অবস্থায় কোনও মতে সেখান থেকে বেরনোর চেষ্টা করেন ওই তরুণী। ঠিক তখনই সাহায্যের জন্য তাঁর কাছে এগিয়ে আসেন এক অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ, তিনি নির্যাতিকে তাঁর ফ্ল্যাটের ছাদে নিয়ে যান। সেখানেই তিনি তরুণীকে ফের ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, নির্যাতনের পর যুবক নির্যাতিতাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করেন বলেও অভিযোগ উঠেছে।
পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
