shono
Advertisement
Rajasthan

রাজস্থানে রক্তপাত! অগ্নিদগ্ধ গাড়িতে পঞ্চায়েত প্রধান, দ্বিতীয় স্ত্রী-সহ ৪ জনের দেহ! ধৃত প্রথম স্ত্রী ও সন্তানেরা

পুলিশ জানতে পেরেছে, রাম সিংয়ের নাবালক ছেলে হত্যাকাণ্ড পরিকল্পনা করে। এর জন্য অনলাইনে একটি ছুরিও কেনে সে। হত্যাকাণ্ডের আগে বাবাকে বিয়ার খাইয়ে ছিল বলেও দাবি।
Published By: Kishore GhoshPosted: 05:09 PM May 29, 2026Updated: 06:50 PM May 29, 2026

রাজস্থানের (Rajasthan) আজমেরে ভয়ংকর হত্যাকাণ্ড। এক পরিবারের চারজনকে কুপিয়ে ও পুড়িয়ে খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। একটি অগ্নিদগ্ধ গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রাক্তন পঞ্চায়েত প্রধান, তাঁর দ্বিতীয় স্ত্রী, মা এবং ভাইঝির দেহ। এই ঘটনায় জড়িত সন্দেহে পঞ্চায়েত প্রধানের প্রথম স্ত্রী এবং তাঁর সন্তানদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পারিবারিক বিবাদের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ড।

Advertisement

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আজমের থেকে ৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুরা গ্রামে। একটি খেতের মধ্যে অগ্নিদগ্ধ একটি গাড়ি দেখতে পান স্থানীয়রা। গাড়ির ভিতর ছিল চারটি ঝলসানো দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও পরে তদন্তকারীরা বুঝতে পারেন পরিকল্পিত হত্যাকাণ্ড।

প্রাক্তন পঞ্চায়েত প্রধান রাম সিং চৌধরীর দুই বিয়ে। প্রথমপক্ষের বউ সুনীতার আপত্তি সত্বেও সুরজ্ঞানকে বিয়ে করেন তিনি। সুনীতার দুই সন্তান রয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, মত্ত অবস্থায় প্রতিদিন সুনীতা এবং তাঁর সন্তানদের মারধর করতেন রাম সিং। অভিযোগ, ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর থেকেই সুনীতা এবং তাঁর সন্তানদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন রাম সিং।

বৃহস্পতিবার একই ধরনের অশান্তি হয়। অভিযোগ, মেজাজ হারিয়ে সুনীতার নাবালক ছেলে রাম সিংকে কুপিয়ে খুন করেন। সুরজ্ঞান হত্যাকাণ্ড দেখে ফেলায় তাঁকেও খুন করা হয়। চেঁচামেচি শুনে রাম সিংয়ের বৃদ্ধা মা ও ভাইঝি ঘরের বাইরে বেরিয়ে এলে তাঁদেরও কুপিয়ে মারা হয়। এরপর চারজনের দেহ একটি গাড়িতে উঠিয়ে নির্জন খেতে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ জানতে পেরেছে, রাম সিংয়ের নাবালক ছেলে হত্যাকাণ্ড পরিকল্পনা করে। এর জন্য অনলাইনে একটি ছুরিও কেনে সে। হত্যাকাণ্ডের আগে বাবাকে বিয়ার খাইয়ে ছিল বলেও দাবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement