shono
Advertisement
Punjab CM

মদ্যপ অবস্থায় বিধানসভায় মুখ্যমন্ত্রী! ভগবন্তের ডোপ টেস্টের দাবি বিরোধীদের

অতীতে বহুবার মদ্যপ অবস্থায় নানা জায়গায় যাওয়ার অভিযোগ রয়েছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। একবার মদ্যপ অবস্থায় তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
Published By: Anwesha AdhikaryPosted: 04:07 PM May 01, 2026Updated: 05:47 PM May 01, 2026

চলছে বিধানসভার অধিবেশন। ভরা অধিবেশনে মদ্যপ অবস্থায় ঢুকলেন মুখ্যমন্ত্রী! এমনটাই ঘটেছে পাঞ্জাবের বিধানসভা ভবনে। শুক্রবার শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন বসেছিল পাঞ্জাব বিধানসভায়। সেখানে মদ্যপ অবস্থায় এসেছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, এমনটাই অভিযোগ কংগ্রেস এবং শিরোমণি অকালি দলের। পরিস্থিতি এমন হয় যে মুখ্যমন্ত্রীর দেহে মদের পরিমাণ পরীক্ষা করার দাবিও তোলেন বিধায়করা। সদ্য আপ ছেড়ে দেওয়া সাংসদ স্বাতী মালিওয়ালও তোপ দেগেছেন ভগবন্তকে।

Advertisement

শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ অধিবেশন ডেকেছিল পাঞ্জাবের আপ সরকার। যদিও এই অধিবেশনের উদ্দেশ্য নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল কংগ্রেস, অকালি-সহ বিরোধীরা। বিতর্ক তুঙ্গে ওঠে ভগবন্ত বিধানসভায় প্রবেশের পর। কংগ্রেসের এক বিধায়ক অভিযোগ আনেন, মদ্যপ অবস্থায় বিধানসভায় এসেছেন ভগবন্ত। সেই দাবিকে সমর্থন করেন বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়া। তিনি সাফ জানান, প্রত্যেক বিধায়কের অ্যালকোহল টেস্ট করা হোক। তাহলেই বোঝা যাবে ভগবন্ত মদ্যপ কিনা। কারণ রাজ্যের প্রধানের বিরুদ্ধে এমন বিস্ফোরক অভিযোগ উঠল সেটার সত্যতা যাচাই করা দরকার। একই দাবি তোলে অকালি দলও। কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষা করানো হয়নি।

গোটা বিষয়টি নিয়ে সুর চড়িয়েছেন স্বাতী মালিওয়াল। তাঁর কথায়, "মদ্যপ অবস্থায় গণতন্ত্রের মন্দিরে ঢুকেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। এই লোকটা মদ্যপ অবস্থায় গুরুদ্বারে যায়, লোকসভায় যেত, সরকারি বৈঠকে যায়। একবার তো মদ্যপ অবস্থায় বিমানে এমন কাণ্ড করেছিল যে প্লেন থেকে নামিয়ে দেওয়া হয়। ভোটের আগে মায়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিল যে মদ খাওয়া ছেড়ে দেবে। কিন্তু এখন মদ্যপ অবস্থায় সরকারি ফাইলে সই করে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পরীক্ষা করানো উচিত। মদ্যপ প্রমাণিত হলে অবিলম্বে তাঁকে পদ থেকে সরাতে হবে।"

উল্লেখ্য, কয়েকদিন আগে আপ ছেড়েছেন রাঘব চাড্ডা-সহ ৭জন সাংসদ। তারপর গুঞ্জন ছড়াচ্ছে, পাঞ্জাবেও আপের হাল গুরুতর। ২৮ জন বিধায়ক দল ছাড়ার প্রস্তুতি শুরু করেছেন। এমনটাই দাবি করেছেন হরিয়ানায় আপের প্রাক্তন রাজ্যসভাপতি নবীন জয়হিন্দ। তাঁর মতে, পাঞ্জাবে আম আদমি পার্টির অন্দরে অসন্তোষ চরম আকার নিয়েছে। এহেন ডামাডোলের মধ্যেই বিতর্ক বাঁধল ভগবন্তের আচরণ ঘিরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement