shono
Advertisement
Rahul Gandhi

'গদ্দার বন্ধু'র পালটা 'দেশের শত্রু'! সংসদ চত্বরে বাকযুদ্ধে রাহুল ও কেন্দ্রীয় মন্ত্রী, ভাইরাল ভিডিও

বিরোধীদের প্রতিবাদস্থলের পাশ থেকে যাওয়ার সময় রাহুলের মুখ থেকে 'গদ্দার' শব্দ শুনতে হল কেন্দ্রীয়মন্ত্রীকে। কারও নাম না নিয়েই রাহুলের কটাক্ষ, 'ওই দেখুন গদ্দার আসছে।'
Published By: Amit Kumar DasPosted: 01:55 PM Feb 04, 2026Updated: 02:20 PM Feb 04, 2026

সংসদ চত্বরে প্রতিবাদ চলাকালীন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টুকে কটাক্ষ বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। বিরোধীদের প্রতিবাদস্থলের পাশ থেকে যাওয়ার সময় রাহুলের মুখ থেকে 'গদ্দার' শব্দ শুনতে হল তাঁকে। কারও নাম না নিয়েই রাহুলের কটাক্ষ, 'ওই দেখুন গদ্দার আসছে।' ঘটনার ভিডিও সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। পালটা রাহুলকে 'দেশের শত্রু' বলে তোপ দেগেছেন বিট্টু।

Advertisement

জানা যাচ্ছে, আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে সুর চড়ানোয় গতকাল ৮ বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছিল। বুধবার সংসদের মকরদ্বারের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন সেই সাংসদরা। সেখানেই ঘটে এই ঘটনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অধিবেশন শুরু আগে বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাহুল-সহ বিরোধী দলের সাংসদরা। সেখানেই বিট্টুকে আসতে দেখে সুর চড়িয়ে রাহুল বলেন, ''একজন বিশ্বাসঘাতক এদিকেই আসছেন। সকলে তাঁর দিকে নজর রাখুন।" রাহুলের মুখে এহেন মন্তব্য শুনে উপস্থিত বাকিরা হাসিতে ফেটে পড়েন। এই ঘটনা দেখে একেবারে বিক্ষোভস্থলে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী বিট্টু। রাহুল গান্ধী-সহ বাকিদের উদ্দেশে তিনি বলেন, "দেশের শত্রু'', আপনারাও এগিয়ে চলুন।

বন্ধুত্বের হাত বাড়িয়ে রাহুল বলেন, "হ্যালো ব্রাদার। আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা করবেন না। এখানেই ফিরে আসতে হবে।"

তবে নাটক এখানেই শেষ হয়নি। গদ্দার কটাক্ষের পর বিট্টুর সঙ্গে হাত মেলাতে নিজের হাত বাড়িয়ে দেন রাহুল। বলেন, "হ্যালো ব্রাদার। আমার বিশ্বাসঘাতক বন্ধু। চিন্তা করবেন না। এখানেই ফিরে আসতে হবে।" তবে রাহুল হাত মেলানোর চেষ্টা করলেও তা প্রত্যাখ্যান করেন বিট্টু। এবং সেখান থেকে চলে যান। গোটা ঘটনা চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা কেসি বেনুগোপালও।

উল্লেখ্য, একটা সময় কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা ছিলেন রবনীত সিং বিট্টু। ৩ বারের সাংসদ এই নেতা সামলেছেন, স্বরাষ্ট্র ও রেলের প্রতিমন্ত্রির দায়িত্ব। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে সকলকে চমকে দিয়ে বিজেপিতে যোগ দেন বিট্টু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement