shono
Advertisement
Rahul Gandhi

নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ, বুধ সন্ধ্যায় কোটায় ছাত্র সম্মেলন রাহুল গান্ধীর, কটাক্ষ বিজেপির

রাহুল গান্ধীর এই কর্মসূচি কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কংগ্রেস।
Published By: Kishore GhoshPosted: 09:05 AM Jun 17, 2026Updated: 09:37 AM Jun 17, 2026

নিট প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই শাসকপক্ষের অস্বস্তি বাড়িয়ে বুধবার দেশের 'এডুকেশন হাব' রাজস্থানের কোটা শহরে প্রতিবাদে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আজ সন্ধ্যায় বিরাট ছাত্র সম্মেলনের ডাক দিয়েছে কংগ্রেস। সেখানেই নেতৃত্বে দেবেন রাহুল। পরীক্ষা সংক্রান্ত অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং দেশে যুবাদের বেকারত্ব নিয়ে সভায় জোরাল সওয়াল করবেন তিনি। কংগ্রেস নেতার এই কর্মসূচি কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, শিক্ষার্থীদের কাঁধে বন্দুক রেখে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে কংগ্রেস।

Advertisement

কোটার দুশেরা ময়দানের শ্রীরাম রঙ্গমঞ্চে বুধবার অনুষ্ঠেয় কর্মসূচির আগেই রাজনৈতিক চাপানউতোর চরমে। মোদি সরকারের বিরুদ্ধে "প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অব্যবস্থাপনা, নিয়োগ বাতিল, আকাশচুম্বী ফি, বেসরকারিকরণ ও কেলেঙ্কারির" অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। এভাবে ভারতের লক্ষ লক্ষ তরুণের আকাঙ্ক্ষা ধূলিসাৎ করছে শাসক দল, একথাও বলেন কংগ্রেস নেতা। এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, "আমার তরুণ ও জেন জি বন্ধুরা, একটা বিষয় আমার কাছে স্পষ্ট। আমি চাই তোমরাও এটা তোমাদের হৃদয়ে গেঁথে নাও যে প্রত্যেক তরুণ ভারতীয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা সরকারের দায়িত্ব। অথচ, দায়িত্বশীলতা এবং সততা—উভয় ধারণাই মোদি সরকারের কাছে অচেনা।"

জানা গিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টিকে সামনে রেখে দেশব্যাপী ছাত্র সম্মেলন তথা প্রতিবাদ কর্মসূচি চালাবে কংগ্রেস। বুধবার কোটার সম্মেলন দিয়ে যা শুরু হচ্ছে। তরুণদের প্রভাবিত করে এমন বিভিন্ন বিষয়, বিশেষ করে পরীক্ষা সংক্রান্ত সরকারি গাফিলতির কথা তুলে ধরা হবে এই কর্মসূচিতে। বলা বাহুল্য, কংগ্রেসের প্রতিবাদ সভার জেরে অস্বস্তি বাড়বে মোদি সরকারের। এই অবস্থায় রাহুল গান্ধী ও কংগ্রেস কটাক্ষ করছে বিজেপি। তাদের অভিযোগ, ছাত্রদের রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে রাহুলের দল।

বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়ার বক্তব্য, ২১ জুন নিট পরীক্ষা। তার আগে ছাত্রদের কর্মসূচির ডাক দিয়ে রাজনীতি করছেন রাহুল গান্ধী। তিনি বলেন, "শিক্ষার্থীরা যখন পড়াশোনা করে পুনরায় পরীক্ষা দিতে চাইছে, তখন আপনি এবং আপনার নেতৃত্ব কেন শিক্ষার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে অস্বস্তিতে ফেলছেন?" যোগ করেন, "পুরো বিক্ষোভটিই ‘টুলকিট গ্যাং’ দ্বারা পরিচালিত, যার মূল হোতা হলেন রাহুল গান্ধী। এর উদ্দেশ্য হল তরুণ-তরুণীর ভবিষ্যৎ নিয়ে খেলা করা, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement