shono
Advertisement

‘মৃত্যুদণ্ডও যথেষ্ট নয়’, দৃষ্টান্তমূলক সুপ্রিম রায়ের অপেক্ষায় নির্ভয়ার মা

নির্ভয়া মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে।   The post ‘মৃত্যুদণ্ডও যথেষ্ট নয়’, দৃষ্টান্তমূলক সুপ্রিম রায়ের অপেক্ষায় নির্ভয়ার মা appeared first on Sangbad Pratidin.
Posted: 09:27 AM Jul 09, 2018Updated: 09:59 AM Jul 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্ভয়ার ধর্ষণকারীদের কি মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে? নাকি তা স্থগিত করবে শীর্ষ আদালত? গোটা দেশ তাকিয়ে আছে আজ এই উত্তরের দিকে। আর এই প্রেক্ষিতেই নির্ভয়ার মায়ের দাবি, দেশের সামনে আজ এক দৃষ্টান্ত স্থাপন করুক শীর্ষ আদালত। ক্রমাগত নারীদের নির্যাতন যারা করে চলেছে, তাদের কাছে এই রায় নমুনাস্বরূপ হয়ে থাকুক।

Advertisement

[  হিন্দুরাই শুধু ঢুকবে জগন্নাথ মন্দিরে, সুপ্রিম প্রস্তাব উড়ালেন পুরীর রাজা ]

২০১২ সালে চলন্ত বাসে ধর্ষণ করা হয়েছিল নির্ভয়াকে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে জীবনের যুদ্ধে হার মানতে হয়েছিল তাঁকে। কিন্তু গোটা দেশ গর্জে উঠেছিল প্রতিবাদে। তারপর ধর্ষণ সংক্রান্ত ক্ষেত্রে সাজা দেওয়ার ক্ষেত্রে আইনের বিধিতেও বেশ কিছু বদল আনা হয়েছে। কিন্তু নির্ভয়ার ধর্ষণকারীদের সাজা এখনও নির্ধারিত হয়নি। ‘রেয়ারেস্ট অফ দ্য রেয়ার’ বিবেচনা করে শীর্ষ আদালত ধর্ষকারীদের মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে আবেদন করেন ধর্ষণকারীদের আইনজীবী। তাঁর দাবি, মৃত্যুদণ্ড মানে ঠান্ডা মাথায় খুন। বহু দেশেই এই প্রথা নিষিদ্ধ হয়ে গিয়েছে। ফলে মৃত্যুদণ্ড রদ করার পক্ষে সওয়াল করেন তিনি। সেই মামলার শুনানি ও রায়দান আজ। অর্থাৎ এক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজাই বহাল থাকল নাকি অন্য কোনও রায় দেয় আদালত সেদিকেই নজর সকলের।

[  ২০১৪ থেকেই ভুল পথে চলছে দেশ, ফের সরব অমর্ত্য সেন ]

এই প্রেক্ষিতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে নির্ভয়ার মা জানান, আজও দেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলাদের সঙ্গে অপরাধ ক্রমশ বেড়েই চলেছে। এই সময়ে সুপ্রিম কোর্ট একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিক। যা গোটা দেশকে ভবিষ্যতের পথ দেখাতে পারবে। তাঁর মতে, মৃত্যুদণ্ডও এই অপরাধীদের জন্য যথেষ্ট সাজা নয়।  এমনকী নির্ভয়া কাণ্ডে এক নাবালককে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু ঘটনার তদন্তে জানা গিয়েছে, সবথেকে বেশি অত্যাচার চালিয়েছিল সেই-ই। তা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে। এখন বাকি দোষীদের মৃত্যুদণ্ড বহাল রেখে সুপ্রিম কোর্ট দৃষ্টান্ত স্থাপন করে কিনা, সেটাই দেখার। সোমবার দুপুর ২টোয় হবে শুনানি। আজও রায় ঘোষণা হতে পারে এই মামলার।

The post ‘মৃত্যুদণ্ডও যথেষ্ট নয়’, দৃষ্টান্তমূলক সুপ্রিম রায়ের অপেক্ষায় নির্ভয়ার মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement