shono
Advertisement
Delhi CJP Protest

দিল্লির গণ্ডি ছাড়িয়ে দেশজুড়ে অশান্তি 'ককরোচে'র? রাজ্যগুলিকে বিশেষ নির্দেশের পথে কেন্দ্র

শুরু হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে। তবে গোটা দেশের যুবসমাজের মধ্যে ককরোচ নিয়ে আগ্রহ বাড়ছ। মুম্বইতেও 'ককরোচ'দের জমায়েত হয়েছে।
Published By: Anwesha AdhikaryPosted: 08:00 AM Jul 23, 2026Updated: 12:11 PM Jul 23, 2026

দিল্লির গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ (Delhi CJP Protest)। শুরু হয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে। তবে গোটা দেশের যুবসমাজের মধ্যে ককরোচ নিয়ে আগ্রহ বাড়ছ। মুম্বইতেও 'ককরোচ'দের জমায়েত হয়েছে। গোটা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। সূত্রের খবর, প্রত্যেকটি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। সমস্তরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য়গুলিকে।

Advertisement

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ একগুচ্ছ দাবিতে দীর্ঘদিন ধরেই দিল্লির যন্তর মন্তরে চলছিল প্রতিবাদ কর্মসূচি। সেখানে যোগ দেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেন। তারপর ককরোচ জনতা পার্টির ডাকে সোমবার পথে নামেন লক্ষাধিক পড়ুয়া। সংসদ ভবন অভিযানের ডাক দেন। সেই প্রতিবাদ রুখতে নির্বিচারে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ছোড়া, মহিলাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করার মতো নানা অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। সোমবারের পর টানা দু'দিন পথে নেমে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন প্রতিবাদীরা।

এতো গেল দিল্লির ছবি। কিন্তু ককরোচ বিক্ষোভের আঁচ ছড়িয়েছে গোটা দেশে। মুম্বইতেও নিটের প্রশ্ন ফাঁস নিয়ে পথে নেমেছিলেন সিজেপি প্রতিনিধিরা। প্রায় দেড় হাজার প্রতিবাদী জমা হন শিবাজী পার্কে। তাঁদের মধ্যে অন্তত ২০০ জনকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, অনুমতি ছাড়াই জমায়েত করেছিলেন তাঁরা। গোটা মহারাষ্ট্রজুড়ে শতাধিক প্রতিবাদ কর্মসূচি হয়েছে বিশেষত মুম্বই, পুণে এবং নাগপুরে। কর্নাটকেও ছবিটা একইরকম। প্রতিবাদ শুরু হয়েছে তামিলনাড়ু, কেরল, অসম, হরিয়ানাতেও।

এহেন পরিস্থিতিতে বুধবারই কেন্দ্র উচ্চ পর্যায়ের পর্যালোচনা করেছে সব রাজ্যের নিরাপত্ত পরিস্থিতি নিয়ে। দেশের নানা প্রান্তে বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়ার পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কিনা, আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তা খতিয়ে দেখেছে কেন্দ্র। সেই সঙ্গে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্তরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে। উল্লেখ্য, সিজেপির বিক্ষোভ কর্মসূচিকে মাথায় রেখে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে দেশের রাজধানী। দিল্লি পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ফোর্সের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে অতিরিক্ত ২০ কোম্পানি সিআরপিএফ জওয়ানকে জরুরি ভিত্তিতে এয়ারলিফট করে দিল্লি এনেছে স্বরাষ্ট্র মন্ত্রক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement