ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেইয়ের শেষকৃত্যে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনকে আমন্ত্রণ জানাল তেহরান। পাশাপাশি, আমন্ত্রণ তালিকায় রয়েছেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ এবং সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। তবে তাঁরা খামেনেইয়ের শেষকৃত্যে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, একটি সূত্রের খবর, খাড়গে নিজে ইরান না গিয়ে কংগ্রেসের কোনও প্রতিনিধি দল পাঠাতে পারেন।
খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানিয়েছিল তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নয়াদিল্লিকে একটি আমন্ত্রণ পত্রও পাঠিয়েছিলেন বলে খবর। কিন্তু মোদি ইরান যাচ্ছেন না। পরিবর্তে দুই প্রতিনিধি পাঠাচ্ছে ভারত। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মারঘেরিতা এবং বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান এবং আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। কিন্তু যুদ্ধপরিস্থিতি এবং নিরাপত্তাজনিত কারণে তাঁকে সমাহিত করা যাচ্ছিল না। অবশেষে আগামী ৪ জুলাই খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় প্রক্রিয়া শুরু হবে। ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে তাঁকে সমাহিত করা হবে। সেখানেই জন্মেছিলেন খামেনেই। ১০০ দিনেরও বেশি সময় পর সমাহিত করা হচ্ছে ইরানের প্রাক্তন সুপ্রিম লিডারকে।
