shono
Advertisement
Sheikh Hasina

বাংলাদেশ 'ত্যাগে'র দু'বছর পর অবশেষে আত্মপ্রকাশ, প্রথমবার ভারতে জনসমক্ষে হাসিনা, কবে?

২০২৪ সালে প্রবল ছাত্র বিক্ষোভের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন হাসিনা। তাঁর প্রাণের ঝুঁকির কথা বিবেচনা করে গোপন আশ্রয়ে রাখা হয় তাঁকে।
Published By: Anwesha AdhikaryPosted: 07:20 PM Aug 02, 2026Updated: 07:22 PM Aug 02, 2026

দু'বছর ধরে ভারতে আত্মগোপন করে রয়েছেন। এবার প্রথমবার জনসমক্ষে আসতে চলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গিয়েছে, ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে থাকবেন তিনি। বাংলাদেশে ফেরা থেকে শুরু করে একাধিক ইস্যুতে বক্তব্যও রাখবেন। উল্লেখ্য, ২০২৪ সালে প্রবল ছাত্র বিক্ষোভের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন হাসিনা। তাঁর প্রাণের ঝুঁকির কথা বিবেচনা করে গোপন আশ্রয়ে রাখা হয় তাঁকে।

Advertisement

গণহত্যা-সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হাসিনা। তাঁর মাথায় ঝুলছে ফাঁসির সাজা। হাসিনা জানিয়েছেন, আত্মসমর্পণেও রাজি তিনি। শুধু নিজের দেশে ফিরে যেতে চান। যদিও বর্তমান সরকার তাঁকে সেই সুযোগ দিতে নারাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতের চিফ প্রোসিকিউটর তথা প্রধান সরকারি আইনজীবী জানিয়ে দিয়েছেন, দেশে পা রাখা মাত্রই হাসিনাকে সোজা জেলে পাঠানো হবে। তাঁকে আর কোনও সুযোগ দেওয়া হবে না। আইনজীবী এও জানিয়েছেন, কোনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জামিনে ছাড়া পেয়েছেন, এমনটা আগে কখনও হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও তা হবে না।

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন, এমনটাই জানিয়েছিলেন হাসিনা। সেই পরিকল্পনা নিয়েই ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে চলেছেন তিনি। নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে হবে অনুষ্ঠানটি। আগামী ৫ আগস্ট সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। উল্লেখ্য, ২০২৪ সালে এই ৫ আগস্টই জন্মভূমি ছেড়ে পালাতে হয়েছিল হাসিনাকে। দু'বছর তাঁকে কাটাতে হয়েছে লোকচক্ষুর আড়ালে। দেশ ছাড়ার দ্বিতীয় বর্ষপূর্তিতে ফের জনসমক্ষে আসবেন তিনি। ক্লাবের সোশাল মিডিয়াতেও এই অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে বলে জানা গিয়েছে।

কেবল হাসিনা নন, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়কেও দেখা যাবে এই অনুষ্ঠানে। এছাড়াও বাংলাদেশের প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরি নওফেল, প্রাক্তন অধিনায়ক শাকিব-আল-হাসানের মতো একাধিক ব্যক্তিত্ব। তবে তাঁরা বক্তব্য রাখবেন কিনা জানা নেই। ইতিমধ্যেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের জন্য ভারতকে জানিয়েছে তারেক রহমান সরকার। তবে কবে, কীভাবে হাসিনা বাংলাদেশ ফিরবেন, তা এখনও অজানা। সেই পরিকল্পনা কি ওইদিন প্রকাশ করবেন মুজিবকন্যা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement