shono
Advertisement

নির্ভয়া কাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে চলন্ত গাড়িতে যুবতীর গণধর্ষণ

বাড়ির সামনে থেকেই যুবতীকে গাড়িতে তুলে নেয় দুষ্কৃতীরা৷ তারপর... The post নির্ভয়া কাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে চলন্ত গাড়িতে যুবতীর গণধর্ষণ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:00 PM May 15, 2017Updated: 06:30 AM May 15, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহতকের নৃশংস ধর্ষণের স্মৃতি এখনও টাটকা মানুষের মনে৷ এর মধ্যেই ফের ধর্ষণের ঘটনা ঘটল রাজধানীতে৷ এবার ২৬ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল তিন অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, বাড়ির সামনে থেকেই অপহরণ করা হয় ওই যুবতীকে৷ এক বন্ধুর সঙ্গে দেখা করে ফিরছিলেন তিনি৷

Advertisement

[সুপ্রিম কোর্টে তিরস্কৃত কারনান]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী সিকিমের বাসিন্দা৷ বর্তমানে থাকতেন দিল্লিতে৷ কনৌট প্লেসে শনিবার এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি৷ সন্ধে সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত সিনেমা দেখেন দু’জনে৷ এরপর দু’জনে মাঝরাত পর্যন্ত খাওয়া-দাওয়া করেন৷ বন্ধুর সঙ্গেই গুরুগ্রামে ফেরেন নিজের বাড়িতে৷ হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি৷ তখনই তিন যুবক আচমকা তাঁকে জোর করে একটি সুইফট ডিজায়ার গাড়িতে তুলে নেয়৷ চলন্ত গাড়িতেই যুবতীকে তিন জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ভোর সাড়ে ছ’টা নাগাদ নজফগড়ের কাছাকাছি এলাকায় তাঁকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিন জন৷

পুলিশকে যুবতী জানান, তিনজন মিলে প্রায় ৫ ঘণ্টা ধরে তাঁকে নিগ্রহ করে৷ একজন তাঁকে মেরে ফেলার কথাও বলেছিল৷ কিন্তু তিনি তাদের কাছে প্রাণভিক্ষা চান৷ তখন তাঁকে এক নির্জন স্থানে ছেড়ে দেওয়া হয়৷ এক বাইক আরোহীর সাহায্যে কোনওরকমে তিনি নজফগড় টোলে পৌঁছান৷ সেখান থেকেই পুলিশে ফোন করেন৷ পুলিশ এসে তাঁকে উদ্ধার করে৷ যুবতীর পুরো বয়ান নেওয়ার পর ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়৷ মহিলার বয়ানের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে৷

[‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’]

প্রসঙ্গত, দিল্লির এই ঘটনা ফের উসকে দিল ক’দিন আগেই ঘটে যাওয়া রোহতকের নৃশংস ধর্ষণের  স্মৃতি৷ ৯ মে এই ঘটনা ঘটলেও তার কিছুদিন পর রোহতকের আইএমটি এলাকার খালি প্লট থেকে থেকে ওই মহিলার মৃতদেহ উদ্ধার হয়৷ পুলিশ জানায়, দুষ্কৃতীরা গণধর্ষণের পর আক্রান্ত মহিলার গোপনাঙ্গে ধারাল অস্ত্র ঢুকিয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে৷ শুধু তাই নয়, মহিলার মুখের উপর দিয়ে এমনভাবে গাড়ি চালিয়ে দিয়েছে, যাতে মৃতদেহ শনাক্ত করতেও পুলিশকে বেগ পেতে হয়৷

দিল্লির ঘটনায় অবশ্য কোনওমতে প্রাণে বেঁচে গিয়েছেন সিকিমের এই যুবতী৷ দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) সুমিত কুহার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ যুবতীর বক্তব্যের ভিত্তিতে এক ব্যক্তির নামও সামনে এসেছে৷ দীপক নামে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ এই সূত্র ধরেই খুব শিগগিরিই বাকিদের খোঁজও মিলবে বলে আশাবাদী পুলিশ৷

[মুখ্যমন্ত্রী চলে যেতেই শহিদ প্রেমসাগরের বাড়ি থেকে সরানো হল এসি-সোফা]

The post নির্ভয়া কাণ্ডের স্মৃতি উসকে ফের দিল্লিতে চলন্ত গাড়িতে যুবতীর গণধর্ষণ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement