দেড়শো যাত্রী নিয়ে আকাশে উড়েছিল লেহগামী বিমানটি। কিন্তু মাঝআকাশে বিমানের ইঞ্জিনে দেখা দিল গোলমাল। বিপত্তির মধ্যেই স্পাইসজেটের এসজি১২১ উড়ানটি দ্রুত জরুরি অবতরণ করল দিল্লিতে। জানা গিয়েছে, সব যাত্রীই নিরাপদে রয়েছেন।
জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ বিমানটি (SpiceJet Flight) ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। সংস্থার এক মুখপাত্রের তরফে জানানো হয়েছে, ''২৪ ফেব্রুয়ারি দিল্লি থেকে লেহগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তা দিল্লিতে ফিরে আসে। দিল্লি বিমানবন্দরে বিমানটি নিরাপদেই অবতরণ করে। সব যাত্রীই নিরাপদ রয়েছেন। তবে ককপিট থেকে কোনও আগুনের সতর্কতা ছিল না।'' সূত্রানুসারে জানা গিয়েছে, সম্ভবত বিমানটির দ্বিতীয় ইঞ্জিনে গোলযোগ দেখা দেওয়ার পরই দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে অনুমতি চাওয়া হয় অবতরণের। উল্লেখ্য, গত নভেম্বরেও স্পাইসজেটের একটি বিমানকে জরুরি অবতরণ করতে হয়। মুম্বই থেকে কলকাতাগামী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। তবে শেষপর্যন্ত বিমানটি নিরাপদেই অবতরণ করে। কোনও যাত্রীর ক্ষতিও হয়নি।
গত সোমবারই এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয় দেশ। রাঁচি থেকে দিল্লিগামী এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সমস্ত যাত্রীরই। কী কারণে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সঞ্জয় কুমার নামে এক ধাবা মালিকের প্রাণ বাঁচাতে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার অ্যাম্বুল্যান্সটি। বিমানে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখতে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো একটি বিশেষ তদন্তকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়।
