shono
Advertisement
Mohan Bhagwat

মোহন ভাগবতকে হত্যার চেষ্টা! উত্তরপ্রদেশে আরএসএস প্রধানকে লক্ষ্য করে ট্রেনে ছোঁড়া হল পাথর

এই নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার উত্তরপ্রদেশেই সরসংঘপ্রধানের ট্রেন লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।
Published By: Subhajit MandalPosted: 11:10 AM Jun 12, 2026Updated: 11:10 AM Jun 12, 2026

সালটা ১৯৬৮। উত্তরপ্রদেশের মুঘলসরাই স্টেশন। চলন্ত ট্রেনে রহস্যজনকভাবে মৃত্যু হয় জনসংঘের প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের। সেই মৃত্যু নিয়ে ভারতীয় রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়েছে। ঘটনাস্থল আবারও সেই উত্তরপ্রদেশ। আবারও চলন্ত ট্রেন। এবার নিশানায় আরএসএস প্রধান মোহন ভাগবত। এবার চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা। সংঘপ্রধানকে স্পর্শ করতে না পারলেও সেই পাথরে তাঁর কামরার জানালার কাচ ভেঙে দিয়ে গেল।

Advertisement

বৃহস্পতিবার স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসে উত্তরপ্রদেশ থেকে দিল্লি ফিরছিলেন সরসংপ্রধান। রেল পুলিশ সূত্রের খবর, সন্ধে ৭টা ২০ মিনিট নাগাদ কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে ট্রেনটি যখন উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করছিল, ঠিক তখনই কামরাটি লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি ভেঙে যায়। ঘটনার সময় আরএসএস প্রধান আক্রান্ত জানলাটির ঠিক উল্টো দিকের আসনে বসেছিলেন। তিনি অক্ষত রয়েছেন।

রেল পুলিশ জানিয়েছে, মোহন ভাগবত স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের ই-১ কোচে ছিলেন। দুষ্কৃতীরা ওই কোচটিকেই নিশানা করে। এই ঘটনার খবর পাওয়া মাত্রই টুন্ডলা স্টেশনে ট্রেনটিকে জরুরি ভিত্তিতে দাঁড় করানো হয়। ট্রেনের নিরাপত্তা খতিয়ে দেখে ফের সেটিকে রওনা করা হয়। মোহন ভাগবত অক্ষত অবস্থাতেই দিল্লি পৌঁছেছেন। তবে এই হামলা যে তাঁকে লক্ষ্য করেই করা, সেটা নিয়ে একপ্রকার নিশ্চিত রেল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তাছাড়া এই প্রথম নয়। এর আগে ফেব্রুয়ারি মাসেও মোহন ভাগবতকে লক্ষ্য করে এই একইভাবে পাথর ছোড়া হয়েছিল উত্তরপ্রদেশে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের সি-৪ কোচে পাথর ছোড়া হয়েছিল। সেবারও জানালার কাচই ভাঙে। পরপর সরসংপ্রধানকে টার্গেট করে এই হামলা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। এমনিতে মোহন ভাগবতের নিরাপত্তা দেশের সর্বোচ্চ শ্রেণির। তা সত্ত্বেও এই ধরনের হামলা বারবার হচ্ছে কীভাবে, প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement