ভরা ক্যাম্পাসে এক ছাত্রকে গুলি করে খুনের অভিযোগ উঠল তাঁরই এক সহপাঠীর বিরুদ্ধে। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাণসীতে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সূর্য প্রতাপ সিং। এদিন সকালে কলেজের একটি করিডরে তিনি ঘোরাঘুরি করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় মনজিৎ চৌহান নামে এক ছাত্র হঠাৎই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। প্রথম গুলিটি সূর্যের মাথায় গিয়ে লাগে। পরের গুলিটি তাঁর বুক ফুঁড়ে বেরিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। এরপরই শোরগোল পড়ে যায়। অভিযোগ, গুলি চালানোর পরই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়। সূর্যকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। গোটা ঘটনায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। মৃতের বাবা জানিয়েছেন, দোষীকে যতক্ষণ না পর্যন্ত খতম করা হবে, ততক্ষণ ছেলের শেষকৃত্য তিনি সম্পন্ন করবেন না।
সূর্যের মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। চলে ভাঙচুর। সূত্রের খবর, এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি গাড়ি। শুধু তা-ই নয়, তিনি শিক্ষকের উপরও হামলা চলেছে বলে খবর। বিক্ষোভ দমাতে মোয়াতেন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বারাণসীর পুলিশ কমিশনার মোহিত আগরওয়াল বলেন, "প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে।" দোষীকে কড়া শাস্তিরও আশ্বাস দিয়েছেন তিনি।
