নির্দিষ্ট সময়ে শুরু হয়ে গিয়েছিল পরীক্ষা। এদিকে পরীক্ষার হলে দেরি করে এসেছিল দ্বাদশ শ্রেণির ছাত্র! পরীক্ষার দিন কেন দেরি করে এসেছে সে? স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই সেই প্রশ্ন করেছিলেন পরীক্ষক শিক্ষিকা। কেন সেই প্রশ্ন তাকে করা হল? তাতেই ক্ষেপে যায় ওই 'গুণধর' ছাত্র। সটান ওই শিক্ষিকাকে চড় মেরে দেয় সে! এখানেই ঘটনার শেষ নয়। ক্ষমা চাওয়া তো দুরস্থ, উলটে ওই শিক্ষিকাকে হুমকি, ভয় দেখানো হয়েছে বলে অভিযোগ। ন্যক্কারজনক ওই ঘটনাটি ঘটেছে বিজেপিশাসিত রাজ্য গুজরাটে। ঘটনা জানাজানির পর নিন্দার ঝড়ও উঠেছে বিভিন্ন মহলে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির রাজ্যে এমন ঘটনা কীভাবে ঘটে? সেই প্রশ্ন উঠেছে। গুজরাটের পাঁচমহল জেলায় ওই স্কুলে পরীক্ষা চলছিল। ঘটনাটি জানুয়ারি মাসের ২৪ তারিখের। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলছিল ওই দিন স্কুলে। পরীক্ষা শুরুর বেশ কিছু সময় পরে কক্ষে গিয়ে পৌঁছয় এক পরীক্ষার্থী। সেসময় ওই কক্ষে গার্ড দিচ্ছিলেন এক শিক্ষিকা। কেন সে দেরি করে এসেছে? সেই কথা জানতে চেয়েছিলেন তিনি। সেই প্রশ্ন করাই যেন কাল হল শিক্ষিকার। কোন সাহসে তাকে ওই প্রশ্ন করা হয়েছে? সেই কথাও গলা চড়িয়ে শিক্ষিকাকে অভিযুক্ত ছাত্র জিজ্ঞাসা করেছে বলে অভিযোগ। ওই ঘটনাটি ঘটেছে গত ২৪ জানুয়ারি। স্কুলের সিসিটিভিতে ওই ঘটনা ধরা পড়েছে বলে খবর। ওই ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যডি ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
সেখানেই ঘটনা শেষ নয়। দিন কয়েক পরে অভিযুক্তের ছাত্রের বাবা ও কয়েকজন ওই স্কুলে এসেছিলেন! অভিযোগ, ওই শিক্ষিকাকে স্কুলের মধ্যে ঢুকেই শাসানো হয়েছে। পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৮ বছর বয়সী ওই ছাত্রকে গ্রেপ্তারও করেছিল। পরে ওই 'গুণধর' জামিনে ছাড়া পায়। যদিও ওই ছাত্র ও পরিবার সূত্রে দাবি, পরের দিন শাসানোর জন্য নয়, শিক্ষিকার কাছে ক্ষমা চাইতেই যাওয়া হয়েছিল। পুলিশ গোটা বিষয়টির তদন্ত চালাচ্ছে। একজন ছাত্রের এতটা দুঃসাহস কীভাবে হয়? সেই প্রশ্ন তুলেছে ওয়াকিবহাল মহলের একাংশ।
