shono
Advertisement
Tamil Nadu CM Vijay

মুখ্যমন্ত্রী যেন মসিহা! কুর্সিতে বসেই ডিএ বৃদ্ধির ঘোষণা বিজয়ের, তামিলভূমে কত বাড়ল মহার্ঘ ভাতা?

রাজনীতিতে নামার আগে তাঁর শেষ ছবি ছিল জন নয়াগণ। তামিল এই কথাটির অর্থ জনতার নেতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই 'জন নয়াগণ' ইমেজ ধরে রাখতে চেষ্টা করছেন থলপতি বিজয়।
Published By: Anwesha AdhikaryPosted: 08:03 PM May 14, 2026Updated: 08:03 PM May 14, 2026

রাজনীতিতে নামার আগে তাঁর শেষ ছবি ছিল জন নয়াগণ। তামিল এই কথাটির অর্থ জনতার নেতা। মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই 'জন নয়াগণ' ইমেজ ধরে রাখতে চেষ্টা করছেন থলপতি বিজয়। বৃহস্পতিবার তিনি সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করলেন। সবমিলিয়ের তামিলনাড়ুর ১৬ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীরা উপকৃত হবেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদে বসেই ৭১৭টি মদের দোকান বন্ধ করেছিলেন বিজয়। এবার সরকারি কর্মীদের জন্য সুসংবাদ শোনাল তাঁর প্রশাসন।

Advertisement

বৃহস্পতিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে একটি বিবৃতি জারি করা হয়। সেখানেই ঘোষণা করা হয়, তামিলনাড়ুর সরকারি কর্মীদের ২ শতাংশ ডিএ বাড়ানো হল। বর্তমানে তামিলভূমের সরকারি কর্মীরা ৫৮ শতাংশ মহার্ঘ ভাতা পান। এবার সেটা বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নতুন মহার্ঘ ভাতা কার্যকর হবে। তার ফলে সরকারি কোষাগার থেকে ১২৩০ কোটি টাকা অতিরিক্ত খরচ হবে বলেই জানিয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর। কেবল ডিএ বৃদ্ধি নয়, মহিলাদের জন্য মাসিক ১০০০ টাকার ভাতার মে মাসের কিস্তি দ্রুত পৌঁছে যাবে বলেও আশ্বাস দিয়েছেন বিজয়। তামিলনাড়ুর ১ কোটি ৩১ লক্ষ মহিলা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছেন বিজয়। নির্দেশ দিয়েছেন, উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাস স্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। আগামী ২ সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে এই সরকারি নির্দেশ। তার ফলে অন্তত ৭১৭টি মদের দোকান বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই বিজয় সরকারের প্রথম সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। তামিল অভিনেতাদের অনেকেই স্বাগত জানিয়েছেন বিজয়ের এই পদক্ষেপকে।

নির্বাচনী প্রচারে বিজয় বারবার দাবি করেছিলেন, দুর্নীতিমুক্ত সরকার গঠন করবেন তিনি। প্রতিষ্ঠা করবেন আমজনতার সরকার। তাই মুখ্যমন্ত্রী পদে বসার পর ইস্তেহারের প্রতিশ্রুতি মেনে তিনটি অধ্যাদেশ সই করেছেন থলপতি। ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, মহিলাদের সুরক্ষার জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং মাদক সমস্যা মোকাবিলায় প্রতিটি জেলায় বিশেষ বাহিনী গঠনের অধ্যাদেশ সই করেছেন। তারপরেও একের পর এক জনস্বার্থমূলক পদক্ষেপ করছেন বিজয়। ফলে শুধু তামিলনাড়ু নয়, দেশজুড়েই বাড়ছে বিজয়ের জনপ্রিয়তা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement