৬ মাসের একরত্তিকে কোলে নিয়ে আবাসনের ছ'তলা থেকে ঝাঁপ দিলেন এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মী। শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের মিয়াপুর এলাকায়। তবে বরাত জোরে বেঁচে গিয়েছে একরত্তি।
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ঈশা সাহু। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। কর্মসূত্রে হায়দরাবাদে থাকতেন। স্বামীও তাঁর সঙ্গেই থাকতেন। তাঁদের দুই কন্যা। বড় মেয়ে আট বছরের। ছোট মেয়ে ৬ মাসের। ১১ বছর আগে তাঁদের বিয়ে হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন সকালে আচমকা কিছু একটা নিচে পড়ার আওয়াজ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে তাঁরা ছুটে বাইরে বেরিয়ে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন ঈশা। তার কিছুটা দূরে পড়ে রয়েছে ওই শিশু। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে হুলস্থুল পড়ে যায়।
জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ঈশার। কিন্তু এত উঁচু থেকে নিচে পড়েও কীভাবে প্রাণে বেঁচে গেল একরত্তি, তা নিয়ে হতবাক সকলে। তবে পুলিশ জানিয়েছে, শিশুটি মাটিতে আছড়ে পড়ার আগে একটি সুরক্ষামূলক বেড়ার উপর গিয়ে পড়ে ফলে সামান্য আহত হয়েছে সে। বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে। কিন্তু কী কারণে ওই তরুণী আত্মঘাতী হলেন, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণীর নিদ্রাহীনতার সমস্যা ছিল। শুধু তা-ই নয়, অবসাদেও ভুগছিলেন তিনি।
