shono
Advertisement
AIIMS

এইমস হাসপাতালে ওষুধের বদলে ফর্মালিন! ভয়ঙ্কর গাফিলতিতে মৃত্যু ক্যানসার আক্রান্ত শিশুর

বিষাক্ত এই রাসায়নিক ইনজেকশনের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করার কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে যায় শিশুটি। তড়িঘড়ি তাকে আইসিইউ-তে নিয়ে গিয়ে জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচান যায়নি।
Published By: Amit Kumar DasPosted: 04:32 PM Jun 14, 2026Updated: 07:16 PM Jun 14, 2026

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (AIIMS) হাসপাতালে ভয়ংকর গাফিলতি। ওষুধের বদলে ফর্মালিনের মতো বিষ দেওয়া হল ক্যানসার আক্রান্ত শিশুকে। মর্মান্তিক এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ বছরের ওই শিশুর। গোটা ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। গাফিলতি সামনে আসার পর দু'জন নার্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

Advertisement

মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা ৩ বছরের শিশু সার্থক যাদব। ব্লাড ক্যানসারে আক্রান্ত এই শিশুকে গতবছরের ১৫ ডিসেম্বর এইমসে ভর্তি করা হয়েছিল। সেই থেকে সেখানেই চিকিৎসাধীন ছিল সে। সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে জীবনদায়ী ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্তে জানা গিয়েছে, শিশুটির আইভি লাইন ব্লক হয়ে গিয়েছিল। তবে নার্সের তরফে যে ইনজেকশন দেওয়া হয় তাতে ভরা ছিল ফর্মালিন। যা সাধারণত বায়োপসি নমুনা সংরক্ষণ ও মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়।

তদন্তে জানা গিয়েছে, শিশুটির আইভি লাইন ব্লক হয়ে গিয়েছিল। তবে নার্সের তরফে যে ইনজেকশন দেওয়া হয় তাতে ভরা ছিল ফর্মালিন।

বিষাক্ত এই রাসায়নিক ইনজেকশনের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করার কিছুক্ষণ পরই অজ্ঞান হয়ে যায় শিশুটি। তড়িঘড়ি তাকে পেডিয়াট্রিক আইসিইউ-তে নিয়ে গিয়ে সিপিআর-সহ জরুরি চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচান যায়নি। এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায় হাসপাতালে। শুরু হয় আভ্যন্তরীণ তদন্ত। জানা যায়, বায়োপসি প্রক্রিয়ার জন্য আনা হয়েছিল ফর্মালিন ভর্তি সিরিঞ্জটি। তবে কাজ শেষ হওয়ার পর সেটিকে সংরক্ষণ বা নষ্ট করা হয়নি। বরং তা রোগীর শয্যার পাশে পড়ে ছিল। সেটিই ইনজেকশনের মাধ্যমে শিশুটির শরীরে প্রয়োগ করা হয়।

ঘটনার তদন্তে নেমে দুই নার্সিং আধিকারিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে ভোপালের বাগসেওনিয়া থানার পুলিশ। হাসপাতালের তরফ থেকে ওই দুই নার্সকে সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement