shono
Advertisement
Chhattisgarh

মাথার দাম ছিল ৪০ লক্ষ, ছত্তিশগড়ের জঙ্গলে খতম মাওবাদী কমান্ডার সুধাকর

উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক।
Published By: Subhodeep MullickPosted: 04:38 PM Jun 05, 2025Updated: 05:10 PM Jun 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘লাল সন্ত্রাস’ দমনে ফের বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় খতম হল মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর। যার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা। বহুদিন ধরেই তাঁর খোঁজ চলছিল। অবশেষে আজ তাকে খতম করল নিরাপত্তাবাহিনী। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বিজাপুরে অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। জঙ্গল ঘেরা অঞ্চলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পেয়ে গোটা এলাকায় শুরু হয় তল্লাশি। পিছু হঠার জায়গা না পেয়ে রীতিমতো কোণঠাসা হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর মাওবাদী কমান্ডার সুধাকরের মৃত্যু হয়। তার মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। তবে সূত্রের খবর, এখনও সেখানে অভিযান চলছে। 

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। এবার আরও এক অভিযানে খতম করা হল মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ‘লাল সন্ত্রাস’ দমনে ফের বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর।
  • বৃহস্পতিবার নিরাপত্তাবাহিনীর অভিযানে ছত্তিশগড়ের বিজাপুর জেলায় খতম হল মাওবাদী কমান্ডার তথা মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুধাকর।
  • তার মাথার দাম ছিল ৪০ লক্ষ টাকা।
Advertisement