shono
Advertisement

বাড়ির অমতে দলিত যুবককে বিয়ে, উত্তরপ্রদেশে দাদাদের হাতেই খুন বোন

চলতি বছরের জুনেই বিয়ে করেছিলেন ওই যুবতী।
Posted: 02:33 PM Dec 12, 2020Updated: 02:33 PM Dec 12, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ অপরাধ বলতে পরিবারের অমতে এক দলিত যুবককে বিয়ে করা। আর এই অপরাধেই গুলি করে নিজের বোনকে খুন করল দাদারা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মইনপুরি জেলায়।

Advertisement

জানা গিয়েছে, মৃত ওই যুবতীর নাম চাঁদনি কাশ্যপ। দীর্ঘ আট বছর ধরে প্রেম করছিলেন অর্জুন কুমার নামে এক যুবকের সঙ্গে। চলতি বছরের জুনে প্রতাপগড় জেলায় অর্জুনকে বিয়ে করেন তিনি। এরপর তাঁরা দিল্লিতে (Delhi) গিয়ে একসঙ্গে থাকতে শুরু করে নবদম্পতি। এই বিয়েতে প্রথম থেকেই মত ছিল না চাঁদনির পরিবারের। কারণ অর্জুন দলিত পরিবারের ছেলে। সেকারণে প্রথমদিকে চাঁদনির পরিবারের কেউই তাঁর সঙ্গে যোগাযোগ রাখত না। পরবর্তীতে তাঁর দাদারাই চাঁদনির সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তারা বোনকে বাড়ি আসার জন্য বোঝাতে থাকেন। শেষপর্যন্ত নভেম্বর মাসে চাঁদনি মইনপুরে নিজের বাড়িতে যান।

[আরও পড়ুন: ‘কৃষি আইন চাষিদের উন্নয়ন করবে’, তীব্র আন্দোলনের মধ্যেও নিজের বক্তব্যে অনড় মোদি]‌

কিন্তু বাড়ি ফিরতেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাঁদনির উপর তাঁর বাড়ির লোক চাপ দিতে থাকে। শুরু হয় অকথ্য অত্যাচারও। সেকথা অর্জুনকেও জানিয়েছিলেন চাঁদনি। এরপর ২০ নভেম্বর দু’‌জনের শেষবার কথা হয়। বাড়ির লোক যে তাঁকে দিল্লি যেতে দিচ্ছে না, উলটে তাঁর উপর অকথ্য অত্যাচার চলছে, সেকথা স্বামীকে জানান চাঁদনি। অর্জুনের অভিযোগ, বাড়ি যাওয়ার পর থেকেই চাঁদনির ফোন মাঝে মাঝেই বন্ধ থাকত। ২০ তারিখের পর আর কোনও যোগাযোগ হয়নি। এরপরই অর্জুনের সন্দেহ হওয়ায় পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপর নিজের কাকা এবং মা’‌কে নিয়ে চাঁদনির বাড়িতে যান। কিন্তু তাঁর বাড়ির লোক জানায়, সে একাই দিল্লি চলে গেছে।

শেষপর্যন্ত খোঁজাখুঁজির পর একটি মাঠের ভিতর থেকে চাঁদনির দেহ উদ্ধার করে পুলিশ। শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং গুলির আঘাতও দেখা যায়। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া একাধিক ধারায় মামলা দায়েরও হয়েছে ওই যুবতীর পরিবারের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

[আরও পড়ুন: কৃষক আন্দোলনে ১১ জনের মৃত্যু! আর কত বলিদান দিতে হবে? মোদিকে প্রশ্ন রাহুলের]‌

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement