shono
Advertisement

Breaking News

Uttar Pradesh

বিয়ের দুপুরে পার্লারে সাজতে যাচ্ছিলেন কনে, পথে পিষে দিল ট্রাক, মুহূর্তে শোকের শ্মশান বিয়েবাড়ি!

মৃত্যু হল ২২ বছরের তরুণীর। এই ঘটনায় উত্তরপ্রদেশের বারিয়াপুরের গৌর কোঠি গ্রামে আচমকা নেমেছে শোকের কালো ছায়া। আত্মীয়-প্রতিবেশী সকলেই বেদনায় স্তব্ধবাক।
Published By: Kishore GhoshPosted: 03:18 PM Apr 29, 2026Updated: 04:26 PM Apr 29, 2026

বিয়ের দিন। হইহই রইরই আনন্দময় একটি বাড়ি। সাজপোশাক, গয়নাগাটি, এলাহি খাবারদাবার। যেমনটা হয়। সেদিনই বিয়ের সাজের জন্য বিউটি পার্লারে যাচ্ছিলেন কনে। পথে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হল ২২ বছরের তরুণীর। এই ঘটনায় উত্তরপ্রদেশের বারিয়াপুরের গৌর কোঠি গ্রামে আচমকা নেমেছে শোকের কালো ছায়া। আত্মীয়-প্রতিবেশী সকলেই বেদনায় স্তব্ধবাক।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তরুণীর নাম রচনা। ভাইয়ের মোটরবাইকে চেপে গৌর কোঠি গ্রাম থেকে কাছেই একটি বিউটি পার্লারে সাজতে যাচ্ছিলেন তিনি। বড় রাস্তায় কোনওভাবে বাইকের নিয়ন্ত্রণ হারান রচনার ভাই। এর ফলে চলন্ত বাইক থেকে পড়ে যান কনে। দুর্ভাগ্যক্রমে তখনই উলটো দিক থেকে আসছিল একটি ট্রাক। মুহূর্তে তীব্র গতিতে আসা ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় তরুণীর। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। যদিও চিকিৎসকরা জানান, ইতিমধ্যে তরুণীর মৃত্যু হয়েছে।

স্থানীয় থানার পুলিশ আধিকারিক দীপক সিং নিশ্চিত করেছেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়েই কনের মৃত্যু হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিয়ের দিন কনের মৃত্যুর ঘটনায় শোকগ্রস্ত শুধু রচনার পরিবারই নয়, বরং গোটা গ্রাম। মুহূর্তে শোকের শ্মশান হয়ে উঠেছে বিয়েবাড়ি!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement