বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার সন্ধ্যায় সাড়ে সাতটা নাগাদ ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে শেষপর্যন্ত এই দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।
জানা যাচ্ছে, এদিন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে ট্রেনটি ছাড়ে। যাওয়ার কথা সোলাপুর। কিন্তু তার আগেই পুণে স্টেশনে ঢোকার সময়ই ঘটে যায় বিপত্তি। চতুর্থ বগির ট্রলিটি হঠাৎ লাইনচ্যুত হয়। তবে রেলের তরফে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। কেউ আহতও হননি। কেন ওই বগিটি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় রেলের পরিদর্শনকারী দল।
যেহেতু ট্রেনটির গতি কম ছিল এবং সেটি প্ল্যাটফর্মের কাছেই ছিল, তাই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। দ্রুত ট্রেনের সমস্ত যাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে আতঙ্কের আবহ সৃষ্টি হলেও তা ছিল ক্ষণস্থায়ী। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। যাত্রীদের অন্য ট্রেনে যাত্রার ব্যবস্থাও করে দেওয়া হয় দ্রুত।
উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস হল ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত দ্রুতগতির ট্রেন, যা 'আত্মনির্ভর ভারত'-এর অগ্রযাত্রার প্রতীক। ২০১৯ সালে ভারতীয় রেল প্রথম চালু করে ট্রেনটি। প্রচলিত ট্রেনগুলির তুলনায় একটি দ্রুততর, অধিক আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে উন্নত বিকল্প হিসেবে ধরা হয় বন্দে ভারতকে। তবে বিতর্কও কম হয়নি। এর মধ্যে খাবারের মানের মতো বিষয়ও রয়েছে।
