shono
Advertisement
Varun Gandhi

বঙ্গ ভোটের আগে আচমকা মোদির সঙ্গে সাক্ষাৎ বরুণ গান্ধীর! ঘুচল দূরত্ব? তুঙ্গে জল্পনা

বরুণের সঙ্গে বিজেপির দূরত্ব বেশ কিছুদিন ধরেই চোখে পড়ছিল। ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁকে টিকিটও দেয়নি দল। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পিলভিটের প্রাক্তন বিজেপি সাংসদ।
Published By: Subhajit MandalPosted: 10:33 PM Mar 17, 2026Updated: 10:33 PM Mar 17, 2026

দীর্ঘদিন ধরে তিনি বিজেপিতে। আবার দীর্ঘদিন দলের সঙ্গে বিশেষ সম্পর্কও নেই। বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে আচমকা বিজেপিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিলেন বরুণ গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির সঙ্গে ছবি শেয়ার করেছেন বরুণ। তাতেই তাঁর নতুন করে সক্রিয় হওয়া নিয়ে জল্পনা। -

Advertisement

বরুণের সঙ্গে বিজেপির দূরত্ব বেশ কিছুদিন ধরেই চোখে পড়ছিল। ২০২৪ লোকসভা নির্বাচনে তাঁকে টিকিটও দেয়নি দল। অবশ্য প্রার্থী ঘোষণার আগেই জল্পনা ছিল, বরুণ বাদ পড়ছেনই। বিজেপির সাংসদ হওয়া সত্ত্বেও কৃষক আন্দোলন ইস্যুতে দলের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তিনি। যার জেরে গান্ধী পরিবারের এই সদস্যের উপর খুব একটা সন্তুষ্ট ছিল না বিজেপি। দলের টিকিট না পেয়ে এতদিন কার্যত নিষ্ক্রিয় হয়েই বসেছিলেন বরুণ। কিন্তু একপ্রকার আচমকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'আশীর্বাদ' নিয়ে বেশ চমকে দিলেন তিনি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পিলভিটের প্রাক্তন বিজেপি সাংসদ। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে বরুণ গান্ধী লিখেছেন, 'সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেলাম। আপনার আভায় পিতৃসুলভ স্নেহ ও সুরক্ষার অনুভূতি রয়েছে। আপনিই যে দেশ এবং দেশবাসীর সত্যিকারের সর্বাধিনায়ক সেটা এই সাক্ষাতের পর আবারও অনুভব করলাম।"

বরুণের ওই পোস্টের পরই জল্পনা, তবে কি রাজনৈতিকভাবে পুনর্বাসন পাচ্ছেন বিজেপির গান্ধী পরিবারের সদস্য। পাঁচ রাজ্যের ভোটে বড় কোনও সাংগঠনিক দায়িত্ব পাবেন? ভুলে গেলে চলবে না আগামী বছর উত্তরপ্রদেশে ভোট। সে রাজ্যেও বড় দায়িত্ব পেতে পারেন তিনি। এমনকী উত্তরপ্রদেশ বিধানসভায় তাঁকে প্রার্থীও করা হতে পারে। এমন একাধিক জল্পনা তৈরি হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement