অভিনেতা-রাজনীতিক বিজয় বড় স্বপ্ন দেখেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে) গড়েন। ডিএমকে-র সঙ্গে সমঝোতার জল্পনা উড়িয়ে আসন্ন বিধানসভা ভোটে একাই লড়ছেন। দল ভোটে সংখ্যাগরিষ্ঠ হলে মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা রয়েছে তাঁর। সেই লক্ষ্যে দু'টি আসন, যথাক্রমে পেরাম্বুর ও ত্রিচি ইস্ট কেন্দ্র থেকে লড়বেন। উল্লেখ্য, রবিবার সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বিজয়। রাজ্যে উন্নয়নের বিপ্লব আনতে পরিবর্তনের বার্তা দিলেন জনগণকে।
আগামী ২৩ এপ্রিল তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। রাজ্যের ২৩৪টি আসনে হবে ভোটগ্রহণ। সব কয়টি আসনেই প্রার্থী দিল বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাঝাগাম’ (টিভিকে)। রবিবার প্রার্থী তালিকা প্রকাশের সময় বিজয় বলেন, “এটা শুধু প্রার্থীদের নাম ঘোষণা নয়, এরা জনগণের রক্ষক। আমাদের প্রার্থীরা সাধারণ মানুষ, কোনও হেভিওয়েট নন।” যোগ করেন, “একবার সুযোগ দিন, হুইসেলেই (টিভিকে-র দলীয় প্রতীক) আসবে বিপ্লব। হবে বিরাট পরিবর্তন।” উল্লেখ্য, টিভিকে একক ভাবে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় ডিএমকে চতুর্মুখী লড়াইয়ের সামনে পড়েছে। একদিকে এআইএডিএমকে ও বিজেপির জোট, অন্যদিকে বিজয়ের টিভিকে-র অভিষেক, সঙ্গে রয়েছে এস রামদোসের পিএমকে এবং শশীকলা ঘনিষ্ঠ শিবিরের জোট, যা চতুর্থ ফ্রন্ট তৈরি করেছে।
ভোটের আগে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক বার কাটাছেঁড়া হয়েছে। বিবাহবিচ্ছেদের মামলা করেছেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন। তাঁর ও তৃষার সম্পর্ক নিয়ে যখন জল্পনা তুঙ্গে, সেই সময় বিজয় একটি জনসভা থেকে বলেছিলেন, ‘‘তাঁর ব্যক্তিগত জীবনের এ সব বিষয়কে পাত্তা দেওয়ার দরকার নেই। এ সব নিয়ে ভাবা মানে সময় নষ্ট করা।’’ পাশাপাশি তিনি এও জানান, তিনি সব ছেড়ে দিয়েছেন। রাজনীতি ছাড়া জীবনে আর কিছু নেই। যুদ্ধের বাজারে প্রতিশ্রুতি দিয়েছেন, ভোটে জিতলে পরিবার পিছু বছরে ৬টা করে গ্যাস সিলিন্ডার দেবেন, মহিলাদের মাসিক ২৫০০ টাকা করে ভাতা দেবেন। অভিনেতা-রাজনীতিকের এই বক্তব্যে আদৌ ভরসা করল জনতা! ভোটবাক্সেই তার উত্তর মিলবে।
