দরজা বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল। ফলে বাড়ছিল উদ্বেগ। উদ্বিগ্ন বাড়িওয়ালা ভাবতেও পারেননি ফ্ল্যাটের বাসিন্দাকে ফোন করে কী জবাব পাবেন! তাঁকে ভয়েস মেলে ফ্ল্যাটের গৃহবধূ নাকি জানিয়ে দেন, ওই ফ্ল্যাটের ভিতরে রয়েছে একটি মৃতদেহ! তাঁর প্রেমিকের! এমনই ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্রের থানে।
জানা যাচ্ছে, ডোম্বিভলি অঞ্চলের ওই ফ্ল্যাট চারদিন ধরে বন্ধ ছিল। এদিকে ক্রমেই দুর্গন্ধ বেরতে থাকে সেখান থেকে। ফ্ল্যাটের মালিক চেষ্টা করেন ভাড়াটে দম্পতির সঙ্গে যোগাযোগ করতে। সরাসরি ফোন আসেনি। তবে ভয়েস মেলে তাঁকে ওই গৃহবধূ নাকি জানান, তাঁর প্রেমিক বিগত কিছুদিন ধরে তাঁকে অত্যন্ত বিরক্ত করছিলেন। সেই কারণে তিনি ও তাঁর স্বামী মিলে তাঁকে খুন করে সেখানেই রেখে এসেছেন।
স্বাভাবিক ভাবেই এমন জবাব পেয়ে দ্রুত পুলিশে যোগাযোগ করেন ওই ব্যক্তি। পরে তদন্তকারীরা দরজা ভেঙে ভিতরে ঢুকলে একটি পচাগলা দেহ উদ্ধার হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত দম্পতি বাথরুমের একটি কল খুলে রেখে আসেন। উদ্দেশ্য ছিল দেহের তরল পদার্থ ধুয়ে গেলে শনাক্তকরণে বিলম্ব হবে।
এখনও মৃত ব্যক্তিকে শনাক্ত করা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আরও তথ্য হাতে আসবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা পুরো বিষয়টিই খতিয়ে দেখছেন। অভিযুক্তদের উদ্দেশে তল্লাশি শুরু হয়েছে। ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর। খুনের অভিযোগ এনে মামলা রুজু করা হয়েছে।
