যাত্রীর আসনে বসে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু তাঁর হাত-পা-মুখ সব বাঁধা! এমনই দৃশ্য দেখা গেল ডালাস থেকে নিউইয়র্কগামী আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানে। যার ফলে দ্রুত বিমানকে অবতরণ করাতে হল বাল্টিমোরে।
ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, বিমানে সবই ঠিক ছিল। আচমকাই গোল বেঁধে যায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎই একজন যাত্রী লাফিয়ে উঠে আক্রমণ করে তাঁর পাশের সিটের ব্যক্তিটিকে। এমনকী, গলাও টিপে ধরেন বলে অভিযোগ। বিশেষত দু'জন যাত্রীকে তিনি বিশ্রী নির্যাতন করেছেন বলে দাবি। এরপরই ওই দুই ব্যক্তির সহায়তায় তাঁকে বেঁধে ফেলা হয়। যদিও বিমানকর্মীরা উন্মত্ত হয়ে ওঠা ওই ব্যক্তি শান্ত করার আপ্রাণ চেষ্টা করছিলেন বলে দাবি। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অগত্যা, হাত-পা-মুখ সব বেঁধে ফেলে তাঁকে বসিয়ে রাখা হয় সিটে। পরে বাল্টিমোরে বিমানটি অবতরণ করলে ওই ব্যক্তিকে তুলে দেওয়া হয় আইনি আধিকারিকদের হাতে।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। এবং তারা কোনো ধরনের হিংস্রতা বরদাস্ত করে না। এফবিআই জানিয়েছে, ফেডারেল কর্তৃপক্ষ ঘটনাটি নিয়ে তদন্ত করছে। ওই যাত্রীকে হেফাজতে রাখা হয়েছে। সংস্থাটি আরও জানাচ্ছে, তাঁর বিরুদ্ধে ফেডারেল অভিযোগ দায়ের করা হবে কি না তা নির্ধারণের জন্য মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের সঙ্গে পরামর্শ করা হবে। তবে তার আগে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও তথ্য সংগ্রহ করা হচ্ছে।
