সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের আসরে অতিথিদের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। অনুষ্ঠান ঘিরে সাজোসাজো রব। নতুন জীবনে পা রাখতে প্রস্তুত বর-কনেও। ঠিক এমন সময় বন্দুকের শব্দে কেঁপে উঠল বিবাহবাসর। প্রাণ গেল এক মহিলার।
ঘটনা রাজধানী দিল্লির মঙ্গলপুরী এলাকার। মৃতা সুনীতা দেবী পাত্রের আত্মীয়া। স্বামী সজ্জন কুমারের সঙ্গে পরিবারের সদস্যের বিয়েতে আনন্দ করতে এসেছিলেন ৩৬ বছরের সুনীতা। কিন্তু অনুষ্ঠান থেকে বেরলো তাঁর মরদেহ। শনিবারের এমন ঘটনায় স্তব্ধ গোটা পরিবার। কিন্তু কেন তাঁকে গুলিবিদ্ধ হতে হল? কারণ অতি তুচ্ছ। বিয়েতে কী গান চলবে, সেই নিয়েই শুরু হয় বিবাদ। কনেপক্ষের তরফে আসরে হাজির হয়েছিল আকাশ (২৪) এবং সন্দীপ (২৫) নামের দুই যুবক। তাদের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন সুনীতা দেবীর স্বামী। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বন্দুক বের করে সজ্জন কুমারের দিকে তাক করে তাদের একজন। আর ঠিক সেই মুহূর্তেই স্বামীকে বাঁচাতে তাঁর সামনে এসে দাঁড়ান স্ত্রী সুনীতা। তখনই বন্দুকের গুলি সোজা গিয়ে লাগে তাঁর মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ভয় পেয়ে সেখান থেকে চম্পট দেয় আকাশ ও সন্দীপ। এদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিন সন্তানের মা সুনীতা দেবীকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[‘I’m not supposed to tell you that’ কেন একথা বলেছিলেন অভিনন্দন?]
আউটার দিল্লির ডিসিপি সেজু পি কুরুভিল্লা জানান, ঘটনায় অভিযুক্ত দু’জনকে চণ্ডীগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এমন কাণ্ডের পর সেখানেই গা ঢাকা দিয়েছিল তারা। তাদের জেরা করছে পুলিশ। তবে মুহূর্তের ঘটনায় শোকের বাড়িতে পরিণত হয়েছে বিয়ের আসর। শেষমেশ বিয়ে সম্পন্ন হয়েছিল কিনা, তা অবশ্য জানা যায়নি।
[জওয়ানদের চোখে প্রতিশোধের আগুন, অশান্তি জারি কাশ্মীরে]
The post বিয়ের আসরে চলল গুলি, স্বামীকে বাঁচাতে গিয়ে মৃত্যু মহিলার appeared first on Sangbad Pratidin.
