অযোধ্যার রাম মন্দির অনুদান চুরির ঘটনায় মুখ পুড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের। গেরুয়া শিবিরকে তোপ দাগছে কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলি। এই অবস্থায় পালটা ওয়াকফ জমি দুর্নীতির প্রসঙ্গ টেনে দুই বিরোধী দলকে আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
প্রতাপগড়ে একটি জনসভায় যোগী বলেন, একটিমাত্র ঘটনাকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলি হিন্দুদের ধর্মীয় বিশ্বাসকে লক্ষ্যবস্তু করছে, অযোধ্যার ক্রমবর্ধমান গুরুত্বকে খর্ব করার চেষ্টা করছে। নিজের ভাষণে যোগী বলেন, "আজ অযোধ্যা সবাইকে আকৃষ্ট করছে। এত বিপুল সংখ্যক মানুষ অযোধ্যায় আসছেন, এটাই বিরোধীদের যন্ত্রণার কারণ হয়ে উঠেছে।" দুই প্রধান বিরোধী দলকে তীব্র আক্রমণ করে আদিত্যনাথ মন্তব্য করেন, সমাজবাদী পার্টি ও কংগ্রেসের ঘন ঘন রাজনৈতিক অবস্থান পরিবর্তন, ভোলবদলে গিরগিটিও লজ্জা পাবে।
যোগী বলেন, "এরা (কংগ্রেস ও সমাজবাদী পার্টি) একটি ঘটনাকে অতিরঞ্জিতভাবে তুলে ধরছে, যাতে হিন্দুদের অপমান করা যায় এবং তাদের ধর্মে আঘাত হানা যায়।" উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অভিযোগ, ওয়াকফের নামে হওয়া জমি লেনদেন দুর্নীতির বিষয়ে বিরোধী দলগুলি কখনও উদ্বেগ প্রকাশ করেনি। তিনি বলেন, "আমি সমাজবাদী পার্টি ও কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই— অযোধ্যায় চুরির ঘটনা নিয়ে আপনারা হিন্দুদের বিশ্বাসের সঙ্গে খেলছেন, ওয়াকফের নামে বিক্রি হওয়া হাজার হাজার হেক্টর জমি নিয়ে আপনারা কি কখনও একটিবারও কথা বলেছেন?"
যোগীর অভিযোগ, দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর জন্য বরাদ্দ করা যেতে যে (ওয়াকফ) জমি, তা মুষ্টিমেয় কিছু ব্যক্তি দখল করে বিক্রি করে দিয়েছে। অন্যদিকে রাম মন্দির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর আশ্বাস, বিষয়টি সামনে আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, "রাম জন্মভূমি ট্রাস্ট নিজেই এসআইটি তদন্তের দাবি জানিয়েছিল। আমিও বলেছিলাম সত্যটা সামনে আসবেই। এসআইটি তদন্তের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া মিলেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।"
