উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা রক্ষায় আরও এক ধাপ এগোল যোগী আদিত্যনাথের (CM Yogi Adityanath) সরকার। মঙ্গলবার লখনউয়ের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ৯৩৬ জন পুলিশকর্মীর হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ পুলিশের টেলিকমিউনিকেশন বিভাগে এই নতুন নিয়োগ করা হয়েছে। মূলত হেড অপারেটর এবং হেড অপারেটর (মেকানিক্যাল) পদে কর্মীরা যোগ দেবেন।
গত রবিবারই এক বিশাল অনুষ্ঠানের সাক্ষী ছিল উত্তরপ্রদেশ। সেদিন ৬০ হাজারেরও বেশি সিভিল পুলিশ কনস্টেবলের পাসিং-আউট প্যারেডে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন কর্মীদের নিযুক্ত করতে চলেছে প্রশাসন। মঙ্গলবার লখনউয়ের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশাপাশি অর্থমন্ত্রী সুরেশ খান্নাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী নবনিযুক্ত কর্মীদের উদ্দেশ্যে এদিন বিশেষ ভাষণ দেবেন। প্রশাসন সূত্রের খবর, সততা এবং নিষ্ঠার সঙ্গে ডিউটি করার জন্য পুলিশকর্মীদের উদ্বুদ্ধ করবেন তিনি। একই সঙ্গে সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর বিশেষ জোর দেবেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশ পুলিশের এই টেলিকমিউনিকেশন বিভাগ অপরাধ নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা সচল রাখাই এই বিভাগের মূল কাজ।
যোগী সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, তাঁদের আমলেই পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক বদল আনা হয়েছে। কোনও রকম দুর্নীতি ছাড়াই যোগ্য প্রার্থীরা কাজের সুযোগ পাচ্ছেন। মঙ্গলবারের অনুষ্ঠানটি সেই দাবিকেই আরও একবার জনসমক্ষে তুলে ধরার মঞ্চ হিসেবে দেখছে রাজনৈতিক মহল। নিয়োগপত্র বিলির পর দ্রুত এই কর্মীরা সরাসরি কাজে যোগ দেবেন। এর ফলে রাজ্যে পুলিশের নেটওয়ার্ক যেমন মজবুত হবে, তেমনই দ্রুত অপরাধ মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে কর্মসংস্থান এবং সুরক্ষা— দুই লক্ষ্যেই মঙ্গলবার আরও এক ধাপ পা বাড়াতে চলেছে লখনউ।
