shono
Advertisement

Breaking News

Aroop Biswas

মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে তলব, ২ দিনের মধ্যে হাজিরা বিধাননগর দক্ষিণ থানায়

প্রাক্তন মন্ত্রীকে পুলিশি তলবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ‘গোট’ কনসার্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত।
Published By: Jaba SenPosted: 08:11 PM Jun 02, 2026Updated: 09:32 PM Jun 02, 2026

মেসি কাণ্ডে আরও চাপ বাড়ল অরূপ বিশ্বাসের (Aroop Biswas) উপর। এবার বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হল রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। পুলিশ সূত্রে খবর, তদন্তকারীদের মুখোমুখি হতে আগামী ৪ জুন তাঁকে ডেকে পাঠানো হয়েছে। যদিও, সরকারিভাবে এই সংক্রান্ত বিষয়ে পুলিশের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ‘গোট’ কনসার্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত।

Advertisement

গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রু। তাঁর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। এর পাশাপাশি শতদ্রুর অভিযোগ, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন তিনি। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন। এই সব অভিযোগের ভিত্তিতেই অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন শতদ্রু। এবার সেই অভিযোগের ভিত্তিতেই প্রাক্তন মন্ত্রীকে বিধাননগর দক্ষিণ থানায় তলব করল পুলিশ।

অরূপকে পুলিশি তলব প্রসঙ্গে শতদ্রু বলেন, "আগেই ডাকা উচিত ছিল। নতুন সরকারের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাচ্ছি। আমাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় তৎকালীন সরকার নিজের মন্ত্রীকে বাঁচাতে আমাকে গ্রেপ্তার করেছিল। আগেই অরূপকে গ্রেপ্তার করা উচিত ছিল।"

বলে রাখা প্রয়োজন, যুবভারতীতে কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে ঘিরে বিশৃঙ্খলা মামলায় সবার আগে ইভেন্টের মূল আয়োজক শতদ্রুকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে তিনি জামিন পান। রাজ্যে পালাবদলের পর এই কাণ্ডের ফাইল খোলার হুঁশিয়ারি দেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। এরপরই রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন শতদ্রু। সোশ্যাল মিডিয়ায় সেই এফআইআর কপি পোস্ট করে লিখেছিলেন, ‘সত্যমেব জয়তে’। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্য পুলিশের ডিজিপিকে ধন্যবাদ জানান শতদ্রু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement