shono
Advertisement

চিকিৎসার ‘গাফিলতি’তে শিশুমৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ পরিজনদের

বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে গত সপ্তাহ থেকে ভরতি ছিল শিশুটি৷ The post চিকিৎসার ‘গাফিলতি’তে শিশুমৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ পরিজনদের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:40 AM Mar 12, 2019Updated: 09:40 AM Mar 12, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগে উত্তপ্ত বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল৷ সোমবার রাতভর দফায় দফায় হাসপাতালে মৃতের পরিজনেরা বিক্ষোভ দেখান৷ ঘটনার তদন্তের দাবিতে সরব তাঁরা৷ পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান মৃতের পরিজনেরা৷ অভিযোগ প্রমাণিত হলে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের৷

Advertisement

[তৃণমূলের প্রার্থীতালিকায় চমক, থাকছেন একাধিক সুপারস্টার]

গত সপ্তাহের শেষের দিকে বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে ভরতি করা হয় ওই শিশুটিকে৷ শুক্রবার থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে তার৷ হাসপাতালের স্পেশ্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়৷ শিশুর পরিবারের অভিযোগ, স্পেশ্যাল কেয়ার ইউনিটে তাকে রাখা হয়েছিল ঠিকই৷ তবে সঠিক চিকিৎসা হয়নি শিশুটির৷ সোমবার বিকেলের পর থেকেই শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে ওই শিশুটির৷ তারপরেও চিকিৎসকদের তরফে কোনও বিশেষ উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ রোগীর পরিবারের৷ রাত ন’টার পর পরিজনদের জানানো হয় যে শিশুটি মারা গিয়েছে৷ তাতেই উত্তেজিত হয়ে পড়েন রোগীর পরিবারের লোকজন৷ চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে রাতভর দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করে পরিজনেরা৷ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী৷ মৃতের ক্ষুব্ধ পরিজনেরা পুলিশকে ঘেরাও করেও বিক্ষোভ দেখান৷ তাঁদের দাবি, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক৷

[নির্বাচনী আচরণবিধি মানছে না তৃণমূল, কমিশনের কাছে নালিশ বিজেপির]

যদিও, হাসপাতাল কর্তৃপক্ষ মৃত শিশুর পরিজনদের অভিযোগ অস্বীকার করেছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের পালটা দাবি, শিশুটিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছিল৷ তাকে সুস্থ করে তোলার জন্য সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছিল৷ তা সত্ত্বেও চিকিৎসায় সে সাড়া না দেওয়ায় শিশুটি মারা গিয়েছে৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হবে৷ অভিযোগ প্রমাণ হলে কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷ এই ঘটনার পর থেকে থমথমে হাসপাতালের পরিবেশ৷ চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে৷ 

The post চিকিৎসার ‘গাফিলতি’তে শিশুমৃত্যু, পুলিশকে ঘিরে বিক্ষোভ পরিজনদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement